শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যারিস্টার শাকিলাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৬

pn-400x277

ডেস্ক রিপোর্টঃ

হাটহাজারীতে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় করা সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানা ও ২ আইনজীবীসহ ৩৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে র‌্যাব।

চট্টগ্রামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মশিয়ার রহমানের আদালতে রোববার বেলা সোয়া ১২টায় এই অভিযোগপত্র জমা দেন র‌্যাব-৭ এর তদন্ত কর্মকর্তা রুহুল আমীন। এতে ৮৩ জনকে সাক্ষী করা হয়েছে বলে তিনি জানান।

র‌্যাব-৭ এর সিইও লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সন্ত্রাস দমন আইনে করা মামলার অভিযোগপত্রে ব্যারিস্টার শাকিলা ফারজানা, দুই আইনজীবীসহ শহীদ হামজা ব্রিগেডের ৩৩ জনের নামে উল্লেখ করা হয়েছে। এতে আরো অজ্ঞাত ৫৩ জনকে আসামি করা হয়েছে বলে জানান কর্নেল মিফতা উদ্দিন আহমেদ।

অভিযোগপত্রে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তার জুনিয়র দুই আইনজীবী- মো. হাসানুজ্জামান লিটন, ঢাকা জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপন এবং গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হকসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

চার্জশিটে ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে হামজা ব্রিগেডের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছে- মনিরুজ্জামান ডন, আজিজুল হক, শামসুদ্দিন, রাকিব হাসান খালেদ প্রমুখ।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর অভিযোগপত্রটি রোববার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় বাঁশখালী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

গত বছর ১৮ আগস্ট ঢাকার ধানম-ি থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ সেপ্টেম্বর জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর টঙ্গীর তুরাগ এলাকা থেকে গোল্ডেন টাচ অ্যাপারেলসের পরিচালক এনামুল হককে গ্রেপ্তার করে র‌্যাব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি