স্থায়ী শিক্ষা কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, স্থায়ী কমিশনের কাজ হবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান যাচাই-বাচাই করা। দেশে ৯০টির মত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এতগুলো বিশ্ববিদ্যালয় প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন এমাজ উদ্দিন।
বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘নগ্ন দলীয়করণে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
সরকার শিক্ষাব্যবস্থাকে দলীয়করণ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে মন্তব্য করে এমাজ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী লোক নিয়োগ না দিয়ে দলীয় সংসদ সদস্যদের দ্বারা ঘুষ বানিজ্য করে অযোগ্য লোক নিয়োগ দিচ্ছে সরকার। অযোগ্য লোক দিয়ে প্রশাসন চলতে পারে, শিক্ষাখাত নয়।
সুতরাং যদি অযোগ্য লোককে দলীয়ভাবে প্রশাসনে সহকারি সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়, তাহলে ৩৫ বছর এদিক ওদিক করে প্রশাসন চালানো সম্ভব। কিন্তু একজন অযোগ্য লোককে শিক্ষাখাতে নিয়োগ দিলে ৩৫ বছরেই পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস হবে।
শিক্ষা ও গবেষণার জন্য সবাইকে বাংলা ছাড়াও ইংরেজি ও অন্যান্য ভাষা শিখার তাগিদ দিয়েছেন এমাজ উদ্দিন। তিনি বলেন, গবেষণার জন্য বেশির ভাগ বই হল ইংরেজিতে। তাই আমরা যদি উচ্চতর গবেষণা করতে চাই বা তাহলে পিএইচডি করতে চাই, তাহলে আমাদের কয়েকটি ভাষা বাধ্যতামূলক শিখতে হয়। তাই আমাদের উন্নতির জন্য মাল্টি ল্যাঙ্গুয়াল হতে হবে।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকসহ শিক্ষকনেতারা বক্তব্যে রাখেন।


























































