পূর্বাশা ডেস্ক:
টানা চতুর্থ জয় নিয়ে ছুটছে জ্যামাইকা তালওয়াস। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও শক্তপোক্ত করল ক্রিস গেইলের দল। কিন্তু আগের দুই ম্যাচে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান পরপর দুই ম্যাচে আবারও আড়ালে। আজ ব্যাট হাতে ১ বলে শূন্য রান করে রানআউট হয়েছেন। তাঁর হাতে বলই তুলে দেননি অধিনায়ক। শেষ ওভারে বার্বাডোজ ট্রাইডেন্টসের ৪৫ লাগে, এমন পরিস্থিতিতেও গেইল নিজে বল করেছেন। শেষ পর্যন্ত জ্যামাইকা ম্যাচটা জিতল ৩৬ রানে।
ব্যাটে বা বলে কোনো ভূমিকা রাখতে না পারলেও সাকিব কিন্তু ফিল্ডিংয়ে ভালো অবদান রেখেছেন। ২৫ বলে ৫১ করা নিকোলাস পুরানকে রানআউট করিয়েছেন। গেইলের করা শেষ ওভারটায় রবি রামপলের ক্যাচ নিয়েই সমাপ্তি টেনেছেন ম্যাচে। কিন্তু এমন পার্শ্বচরিত্র হয়ে নিশ্চয়ই থাকতে চান না সাকিব।
অবশ্য তাঁর দলটাই তারকায় ঠাসা। এমন দলে জয়ে অবদান রাখতে হলে করতে হবে দারুণ কিছু। সেই সুযোগটা পাওয়াও কঠিন। আজও যেমন বৃষ্টিতে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না। ওয়ালটনের ৫৪ বলে ৯৭, কুমার সাঙ্গাকারার ৩১ বলে ৫০ আর রভম্যান পাওয়েলের ১৪ বলে ৩১ রানের সৌজন্যে ৫ উইকেটে ১৯৫ রান তোলে জ্যামাইকা। শেষের দিকে রান বাড়িয়ে নেওয়ার তাগিদের কারণেই রানআউট হন সাকিব।
পুরানের থ্রোয়ে রানআউটের বদলা পুরানকে রান আউটে ফিরিয়েই নিয়েছেন। পুরানের ফিফটি ছাড়া বার্বাডোজের আর কেউ ২০-ও করতে পারেননি। তারপরও সবার ছোটখাটো অবদানে দুই বল বাকি থাকতে ১৫৯ রান তুলে অলআউট হয় বার্বাডোজ। ডেল স্টেইন ২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
গত ম্যাচেও ৬ নম্বরে সাকিবকে বোলিংয়ে এনেও তিন ওভার করিয়েছিলেন গেইল। তবে ওই ম্যাচে ২৮ রান দিয়েছিলেন বলেই কি না আজ তাঁকে বল দেওয়া হলো না।
সাকিব নিশ্চয়ই পুষিয়ে দিতে চাইবেন!


























































