শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৬

comilladebate-220160820122058

পূর্বাশা ডেস্ক:

যুক্তির আলোয় উদ্ভাসিত হোক আগামীর সভ্যতা- এ স্লোগান নিয়ে জঙ্গিবাদ বিরোধী মার্কেন্টাইল ব্যাংক তৃতীয় এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বির্তক উৎসবের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার।

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং সোসাইটির যৌথভাবে এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে।

এদিকে, বিতর্ক উৎসব উপলক্ষে সকাল পৌনে ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি মতিউর রহমান প্রমুখ।

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সরকারি-বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০০ মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও ডিবেট ক্লাব মডারেটররা মেধাবী ও তারুণ্যের এ উৎসবে অংশ নিয়েছেন।

দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন ফরমেটের প্রদর্শনী বিতর্ক, বিতর্ক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকছে।

উৎসবে বিতর্ক শিল্পে অবদানের জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবরকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি মতিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিদের থাকার কথা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি