ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের পশ্চিম চান্দপুর এলাকায় মেজর জাহিদুল ইসলাম নামেই পরিচিত ছিলেন মিরপুরে নিহত জঙ্গি মুরাদ।
স্থানীয়রা বলেন, ‘আমরা তাকে মেজর জাহিদ নামেই চিনতাম। আমরা যতটুকু জানি, জাহিদ সেনাবাহিনীর চাকরি ছেড়ে কানাডা চলে গেছেন। জাহিদের বাবা গত রমজানে মসজিদে এমন কথাই আমাদের জানিয়েছেন। অনলাইন-পত্রিকায় ছবি দেখে এলাকাবাসী শনাক্ত করে জঙ্গি মুরাদই মেজর জাহিদ।’
সরেজমিনে পাঁচথুবী ইউনিয়নে গিয়ে দেখা গেছে, তিনতলা একটি বাড়িতে বসবাস করে জাহিদের পরিবার। ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করেন জাহিদের বাবা নুরুল ইসলাম ও মা জমিলা ইসলাম। প্রথম ও তৃতীয় তলায় ভাড়াটিয়ারা থাকেন।
জাহিদদের বাসার ভাড়াটিয়া আবদুল বারেক ও জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, ‘আমরা জাহিদকে এক দুইবার দেখেছি। তবে, তার সাথে কোনো কথা হয়নি। এ বাড়িতে শুধু তার মা-বাবা থাকেন। এলাকায় সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচিত জাহিদ সর্বশেষ ৬ মাস আগে এ বাড়িতে এসেছিলেন। গত শুক্রবার জাহিদুলের বাবা-মা চিকিৎসার জন্য ঢাকা গেছেন। এখন পর্যন্ত ফেরেননি। এমনকি ভাড়াটিয়াদের সাথেও কোনো যোগাযোগ করেননি। কিছুদিন আগে জাহিদের বাবা নুরুল ইসলামের হার্টে রিং পরানো হয়েছে।’
এলাকাবাসী জানান, গত শুক্রবার মিরপুরে পুলিশের অভিযানে জাহিদ নিহত হন। সেদিনই দুপুরে জাহিদের বাবা-মা চিকিৎসার কথা বলে ঢাকায় চলে গেছেন।
স্থানীয় সূত্র জানায়, জাহিদুলের আদি নিবাস সিলেটের ফেঞ্চুগঞ্জে। ১৯৮৫ সালের প্রথম দিকে নুরুল ইসলাম পশ্চিম চান্দপুর এলাকার প্রাইমারি স্কুল রোডে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। বাড়ির নাম দেন ‘ড্রিমস’। এই ড্রিমস হাউজে বসবাস করেন জাহিদুলের বাবা-মা। জাহিদুলের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক। দুই ভাই এক বোনের মধ্যে জাহিদ সবার বড়। জাহিদুলের স্ত্রীর নাম জেবুন্নাহার। তাদের সংসারে দুইটি মেয়ে রয়েছে। জাহিদুলের শ্বশুর শহিদ উল্লাহ স্কুলশিক্ষক ছিলেন।
জাহিদের এক প্রতিবেশী জানান, এক বছর আগে জাহিদকে এলাকায় দেখা গিয়েছিল। রাতে এসেছিলেন। পরদিন দুপুরে আবার চলে গেছেন।
রোববার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহীন জাহিদুলের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাহিদের পরিবারের খোঁজে এসেছি। বাসায় ভাড়াটিয়া ছাড়া জাহিদুলের পরিবারের কেউ নেই।’
এলাকার ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো.ইউনুস মিয়া বলেন, ‘জাহিদকে চিনি না। তার বাবার সঙ্গে আমাদের পরিচয় রয়েছে। জঙ্গি কার্যক্রমে সে জড়িত ছিলো বলে আগে শুনিনি। সংবাদমাধ্যমে জাহিদ সম্পর্কে জেনেছি। জাহিদের বাবা বলেছিলেন, জাহিদ সেনাবাহিনীর চাকরি ছেড়ে কানাডা চলে গেছে।’
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, মিরপুরে নিহত জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে মুরাদ সদরের পাঁচথুবী ইউনিয়নের চাঁন্দপুর এলাকার বাসিন্দা পুলিশের সাবেক পরিদর্শক নুরুল ইসলামের ছেলে। মুরাদের প্রকৃত নাম জাহিদুল ইসলাম। জাহিদদের আদি নিবাস সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে, এসব তথ্য নিশ্চিত করতে আরো খতিয়ে দেখা হচ্ছে।


















































