পূর্বাশা ডেস্ক:
পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ সেপ্টেম্বর সেইন্ট খেতাব পাচ্ছেন মাদার তেরেসা। ভ্যাটিকান সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। ।
এরআগে এ বছরের মার্চ মাসে ‘ঈশ্বরের দূত’ (সেইন্টহুড) হিসেবে মাদার তেরেসাকে অনুমোদন দেন পোপ ফ্রান্সিস। মানবতার সেবায় আত্মমগ্ন ওই নারীকে প্রয়াণের ১৯ বছর পর ‘পবিত্র ব্যক্তি’র স্বীকৃতি দিয়ে পোপ তখন জানিয়েছিলেন ৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সেই আনুষ্ঠানিকতার খবরটিই নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী কর্মসূত্রে কেউ পবিত্র ব্যক্তি’র স্বীকৃতি পেতে পারেন না। ঐশ্বরিক ক্ষমতার বলেই এই স্বীকৃতি পাওয়া যায়। অলৌকিক ক্ষমতার প্রয়োগে কারও সাফল্যের অন্তত দু’টি ঘটনাকে পোপ স্বীকৃতি দিলে, মৃত্যুর পর তিনি পবিত্র ব্যক্তি’র স্বীকৃতি পান। মাদার তেরেসার ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরু হয়েছিল ২০০৩ সালে। রোমান ক্যাথলিকদের ভাষায় যাকে বলে ‘ক্যানোনাইজেশন’। ১৯৯৮ সালে এক আদিবাসী নারীকে দুরারোগ্য রোগের হাত থেকে বাঁচিয়ে তোলায় ২০০৩-এ মাদারকে আলৌকিক ক্ষমতার প্রথম স্বীকৃতি দেন তৎকালীন পোপ দ্বিতীয় জন পল। একইভাবে ২০০৮ সালে দুরারোগ্য মস্তিষ্কের অসুখে আক্রান্ত মৃতপ্রায় এক ব্রাজিলিয়ানকে সুস্থ করে তুলেছিলেন মাদার। ২০১৫ সালে এই ঘটনাটিকেও অলৌকিক বলে স্বীকৃতি দেন পোপ ফ্রান্সিস। মার্চে সেই স্বীকৃতিতেই সিলমোহর দেন পোপ ফ্রান্সিস। এরমধ্য দিয়ে পবিত্র ব্যক্তি’র স্বীকৃতি পেয়ে যান মাদার তেরেসা। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা।
সেন্টের তালিকায় যিনি জায়গা পান, তার নামে নামাঙ্কিত হয় চার্চ। এমনকি, সেন্ট হয়ে গেলে সেই ব্যক্তির ছবির মাথায় থাকবে জ্যোতির্বলয়ও। আর কালই সেই সম্মান পেতে চলেছেন মাদার তেরেসা।


























































