মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরা সেই ‘ভক্ত’ মেহেদী হাসানকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। মিরপুর মডেল থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ভক্ত ইউনাইডেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
শনিবার রাতে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন ওই ভক্ত দৌড়ে সরাসরি মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেন। এরপর মাঠে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে নিয়ে যান। খেলা শেষে পুলিশ তাকেসহ আরও তিন যুবককে মিরপুর মডেল থানায় নিয়ে যায়।
অপর তিনজন হলেন তানভীর আহমেদ মারুফ, আয়মান আসিফ রাফি ও আবীর হোসেন। তারা মেহেদীর বন্ধু এবং সবার বাড়ি সাভারে। আটক মারুফ ও রাফি এসএইচসি পাসের পর বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষায় অংশ নিচ্ছে। আর আবীর হোসেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র।মেহেদীর বাবা জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে জানান, তার ছেলে মেহেদীসহ আটক চারজন যুবক একত্রে খেলা দেখতে এসেছিলেন।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অজিৎ রায় মেহেদী সম্পর্কে বলেন, ‘ছেলেটিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে ওসির কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে আরও সিনিয়র অফিসাররাও আছেন।’
মিরপুর জোনের ডিসি জসীমকে জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে মাশরাফির ভক্ত। তবে সামনে যেহেতু ইংল্যান্ড ক্রিক্রেট দল ঢাকায় আসবে তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ছেড়ে দেওয়া হবে কিনা।


























































