শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এ বার অনলাইনে পড়ুয়ারা মূল্যায়ন করবেন শিক্ষকদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৬

144952338
ডেস্ক রিপোর্ট :
এ বার পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের। এমনই উদ্যোগ নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা ক্লাসে কেমন পড়াচ্ছেন, তাঁদের উপস্থিতির হার কেমন, পড়া বোঝাতে পারছেন কি না, তা নিয়ে পড়ুয়াদের মতামত চাইবে বিশ্ববিদ্যালয়।

পুজোর ছুটির পর সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় খুলছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার থেকেই এ ব্যাপারে প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। উপাচার্য আশুতোষ ঘোষ রবিবার জানিয়েছেন, ‘এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। গোটা প্রক্রিয়াটাই হবে অনলাইনে এবং পড়ুয়াদের পরিচয় গোপন রেখেই তা করা হবে। ‘গত বছর সুগত মারজিত উপচার্য থাকাকালীনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নেয় যে ছাত্ররা শিক্ষকদের মূল্যায়ন করবেন। কিন্তু শিক্ষকদের একাংশের আপত্তির কারণে তা শুরু করা যায়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগামী ডিসেম্বর মাসেই ন্যাকের পরিদর্শনের আসার কথা।

তাদের মূল্যায়নের নানা মাপকাঠিতে শিক্ষক মূল্যায়নের বিষয়টিও পড়ে। ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই প্রক্রিয়া শুরু করতে চাইছে বিশ্ববিদ্যালয়। এর নেপথ্যে অবশ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মনোভাবও কাজ করে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। কারণ তিনি বার বারই শিক্ষকদের মূল্যায়নের ইচ্ছেপ্রকাশ করেছিলেন। এমনকি ৭৫ % ক্লাস করার কথা শুধু পড়ুয়াদের উপর চাপানো হবে কেন, শিক্ষকদেরও এই নিয়ম মেনে চলা উচিত বলে শিক্ষামন্ত্রী মনে করেন। কী ভাবে এই প্রক্রিয়া চলবে ?

সূত্রের খবর, পড়ুয়াদের অনলাইনে একটি প্রশ্নপত্র দেওয়া হবে। তার মধ্যে শিক্ষকের ক্লাসে উপস্থিতির হার, তিনি কী পড়াচ্ছেন, কীভাবে পড়াচ্ছেন, তাঁর পড়ানো বোঝা যাচ্ছে কি না, লাইব্রেরি ও সেমিনার লাইব্রেরিতে বই পাওয়া যাচ্ছে কি না এ সব প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্ত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। পড়ুয়াদের মতামত নিয়ে অধ্যাপকদের আপত্তি না থাকলেও, এই বিষয়টি শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনও হাতিয়ার হয়ে উঠবে কি না ? পদ্ধতিটি কতটা রাজনীতি মুক্ত থাকবে, কোনও শিক্ষককে হেয় করতে পড়ুয়ারা নেগেটিভ মার্কিং করবেন কি না তা নিয়ে সংশয় দানা বেধেছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক চিন্ময় গুহর পর্যবেক্ষণ, ‘যদি রাজনীতির প্রভাবের বাইরে এই উদ্যোগ হয় তা হলে স্বাগত জানাচ্ছি।

কিন্ত্ত এ রাজ্যে তো সব কিছুই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। ফলে সংশয় থেকেই যাচ্ছে। ‘ শিক্ষক নেতা দিব্যেন্দু পালের কথায়, ‘এমনিতেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাঠামোয় শিক্ষকদের কথা বলার জায়গা নেই। ফলে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলে ঠিক হবে না। ‘যদিও অন্য সুর শোনা গিয়েছে পড়ুয়াদের গলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ত্রিপর্ণা দে সরকার বলেন, ‘শিক্ষকেরা কে কেমন পড়ান, তা নিয়ে একটা ধারণা তৈরি হয়েই যায়। তবু অনলাইনে পড়ুয়ারা যদি কোনও শিক্ষকের পড়ানোর যোগ্যতা নিয়ে নিজের মত ব্যক্ত করার সুযোগ পান তা অবশ্যই স্বাগত। ‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সৌম্যজিৎ ঘোষ বলেন, ‘প্রেসিডেন্সিতে এই ব্যবস্থা আংশিক চালু হয়েছিল। মতামত নেওয়ার পর কোনও পদক্ষেপ করা হয়নি। তবে কে কেমন পড়ান তা তো গোপন থাকে না। ছাত্রছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেমিস্ট্রির একজন শিক্ষককে বদল করা হয়েছিল। ব্যস ওই পর্যন্তই। ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলন শাসমলের কথায়, ‘শিক্ষকদের সম্পর্কে পড়ুয়াদের মূল্যায়নের সুযোগ করে দেওয়া হলে ভালোই হবে। তবে খেয়াল রাখতে হবে তা যেন বিচারের পর্যায়ে না চলে যায়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি