ডেস্ক রিপোর্ট ঃ
প্রেম-ভালোবাসা এমনকি সাংসারিক জীবনেও যে বিষয়টির যথেষ্ট প্রভাব লক্ষ্যণীয় তা হলো একের প্রতি অন্যের বিশ্বাস। বাংলায় প্রবাদ আছে- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তবে এই বিশ্বাস সেই বিশ্বাস নয়। উনি শিমুল বিশ্বাস। পুরো নাম অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী। ছিলেন বাম রাজনৈতিক দলের সদস্য, পরবর্তী সময় পরিবহণ শ্রমিক নেতা। সেখান থেকে ২০০১ সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন।
পরবর্তীতে ওয়ান-ইলেভেনের মাধ্যমে আলোচনায় আসা এই ব্যক্তি এখন বিএনপির ‘নীতিনির্ধারক’। শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৯৫৮ সালে পাবনার কুঠিপাড়া মহল্লাার ঐতিহ্যবাহী ‘বিশ্বাস পরিবারে’ জন্মগ্রহণ করেছেন।
বিএনপির রাজনীতিতে ‘অদৃশ্যক্ষমতাধর’ এই শিমুল বিশ্বাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনে দিনে ততটাই প্রভাবশালী হয়ে উঠছেন। তৃণমূল থেকে শুরু করে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারাও বর্তমানে এক প্রকার অসহায় ও জিম্মি হয়ে পড়েছে। অথচ দলমত নির্বিশেষে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে শত অভিযোগ দেওয়ার পরও খালেদা জিয়ার কাছে যেমনটা ছিলেন তেমনটাই আছেন। বর্তমানে বিএনপির এমন কোনো পর্যায় নেই, যেখানে ব্যক্তি শিমুল বিশ্বাসের প্রভাব নেই। স্বাভাবিকভাবেই দলটির নেতাকর্মীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে তাহলে কী বিএনপি (শিমুল) বিশ্বাসের অদৃশ্যশক্তির জালে আটকে পড়েছে। না কী অন্যে কিছু, এর রহস্য থেকেই যায়।
বিএনপির রাজনীতিতে বেশকিছু দিন পরপর এখন সবচেয়ে আলোচিত ও সমালোচিত ব্যক্তিও তিনি। সম্প্রতি বাংলাদেশে সফররত চীনের রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে উপস্থিত থাকার কারণে ফের ঘরে-বাইরে আলোচনা-সমালোচনায় এই বিশ্বাস। দলীয় প্রটোকলে খালেদার পর বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা তারেক রহমান। কাগজ-কলমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অবস্থান তৃতীয়। অথচ বাস্তব নির্মমতার বেড়াজালে কারো কাছে তিনি (শিমুল বিশ্বাস) খালেদা জিয়ার পর দেশে অবস্থানরত বিএনপির দ্বিতীয় প্রধান নেতা। যদিও দলে সাংগঠনিক কোনো পদ নেই তার। তবে দলটির কারো কারো কাছে তিনি ক্ষমতাসীন সরকারের এজেন্ট হিসেবে পরিচিত। বিএনপির সবই তার নির্দেশে হয়। গুরুত্ব পায় বললে ভুল হবে, সিদ্ধান্তও নেন তিনি।
শুধুমাত্র চেয়ারপারসনের বিশেষ সহকারী হিসাবে চীনের রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে কী করে শিমুল বিশ্বাস থাকতে পারে, এ নিয়ে বিএনপির ঘরে-বাইরে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
জানা গেছে, বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্ঠা পরিষদের সদস্য রিয়াজ রহমান এবং সাবিহ উদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা ছিল। সেই মর্মে নামের তালিকাও দেয়া হয়েছিল।
কিন্তু বৈঠক চলাকালীন লক্ষ্য করা গেছে রিয়াজ রহমানের পাশের চেয়ারের বসে রয়েছেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। অথচ প্রটোকলে তার সেখানে বসা দূরে থাক, বৈঠকের কক্ষে প্রবেশ করার কোনো এখতিয়ার নেই। চেয়ারপারসনের পিএস এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই তালিকায় ‘লিস্ট অব এন্টুরেজ (প্রতিনিধি দলের সহযোগীদের তালিকা)’-এ ছিল পাঁচজনের নাম। তারা হলেন- শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাব্বির-উল কারিম, কর্নেল (অব.) মোহাম্মদ ইছহাক মিয়া, এবিএম আবদুস সাত্তার ও নুরুদ্দীন আহমেদ।
নামের তালিকাটি চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘সাধারণত লিস্ট অব এন্টুরেজ তালিকায় নাম আছে এমন কেউ বৈঠকে উপস্থিত থাকতে পারেন না। কিন্তু উনি থেকেছেন কারণ তিনি যে শিমুল বিশ্বাস।’
খোঁজ নিয়ে জানা গেছে, আইনের চোখে শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন পলাতক আসামি। তার বিরুদ্ধে নাশকতাসহ ৪৭টি মামলা রয়েছে। এর মধ্যে অন্তত ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এ ব্যাপারে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কৌতূহল, গ্রেফতার আতঙ্কে যেখানে আমরা মামলা ছাড়াই বাসা-বাড়িতে থাকতে পারছি না। সেখানে আইনের চোখে পলাতক এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কোন ক্ষমতার জোরে, কী করে সরকারের আইন শৃঙ্খলা-বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এতো বড় একটি বৈঠকে অংশ নিতে পেরেছেন। দলের অধিকাংশের ধারণা, তিনি একটি বিশেষ সংস্থার লোক। বিএনপিতে থেকে দলের ক্ষতি করছেন তিনি।
বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ব্রেকিংনিউজ.কম.বিডিকে বলেন, ‘এ ধরনের হাই-প্রোফাইল বৈঠকে দলের প্রতিনিধি দলে যাদের নাম থাকে সাধারণত তারাই সেখানে উপস্থিত হন। প্রতিনিধি দলে নাম না থাকার পরও শিমুল বিশ্বাস কিভাবে সেখানে উপস্থিত ছিলেন- তা জানা নেই। বিষয়টি আমার কাছেও আশ্চর্য লেগেছে।’
শুধু তাই নয় বিএনপির সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের পুত্র আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা জানানোর জন্য গুলশান কার্যালয়ে গেলে খালেদা জিয়ার সঙ্গে তার দেখা করা থেকে বঞ্চিত করেন এই শিমুল বিশ্বাস।
ওই মুহূর্তে খালেদা জিয়াকে বা বিএনপি নেতাদের না জানিয়েই তিনি দরজা বন্ধ করে রাখেন। তিনি নিজেও খালেদা জিয়ার পাশে গিয়ে বসে থাকেন। সেই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে বিএনপি। এমনকি বিএনপি নেতারাও এই শিষ্টাচারবহির্ভূত ঘটনার জন্য তাকে দায়ী করেছেন। কিন্তু বিধি বাম হলে যা হয়। তাই শত বিরুদ্ধ অভিযোগেও বিন্দুমাত্র বিচলিত নন খালেদা জিয়ার প্রশ্রয়ে থাকা প্রভাবশালী এ শিমুল বিশ্বাস।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া যেদিন মুক্তি পান সেদিন তার গাড়ির সামনের আসনে বসে পড়েন শিমুল বিশ্বাস। তারপর থেকে সেই আসন আঁকড়ে ধরে রেখেছেন। প্রাথমিকভাবে তার কোনো পদ ছিল না। প্রথম থেকে দলে আধিপত্য বিস্তার করতে মরিয়া না হয়ে ধীরে ধীরে দলে অবস্থান তৈরি করেন তিনি। কিন্তু বিশেষ সহকারীর পদ পাওয়ার পর ক্ষমতাধর হয়ে ওঠেন এই শিমুল বিশ্বাস।


























































