ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
শিশু ইভা, বয়স ৬ বছর। বাড়ি কোথায় সে জানে না। শুধু জানে খালার বাসায় থাকে। প্রকৃতপক্ষে খালা নয়। শিশুটিকে ২ বছরের মাথায় দরিদ্র মা-বাবা নুরু মিয়ার কাছ থেকে কিনে আনে কালিয়াজুড়ি এলাকার মাহবুবুর রহমান ও তার স্ত্রী রোমানা আক্তার পলি। । ইভার বয়স যখন ৪ বছর , তখন থেকেই গৃহকর্ত্রী ঘরের কাজকর্ম করতে ইভাকে বাধ্য করেন।
ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন, কাপড়-চোপড় পরিষ্কার, এমনকি রান্নাঘরেও কাজ করতেন শিশু ইভা। কাজে কোন রকম ভুল করলেই শিশুটির উপর হায়েনার মত ঝাপিয়ে পড়ে গৃহকর্ত্রী পলি। শিশুকে প্রায় সময় মারধর, শিক আগুনে গরম করে হাতে-পায়ে, পিঠে ছ্যাকা, রড দিয়ে আঘাত করা হত। এভাবে শিশুটির উপর প্রায় সময় চলে বর্বরোচিত নির্যাতন।
কুমিল্লা নগরীর কুসিক ১ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি মাজার সংলগ্ন মাহবুবুর রহমানের বাসায় এ নিযার্তনের ঘটনা ঘটে।
নির্যাতিত ইভা (৬) নুরু মিয়ার মেয়ে। শিশুর বাড়ির ঠিকানা কেউ জানে না।
গৃহকর্ত্রী রোমানা আক্তার পলি নগরীর কালিয়াজুড়ি এলাকার মাহবুবুর রহমানের স্ত্রী। মাহবুবুর রহমান মেডিকো ঔষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে নির্যাতিত শিশু ইভা বাসা থেকে পালিয়ে রাস্তায় আসলে নির্যাতনের বিষয়টি জনসম্মুখে আসে।
নির্যাতিত শিশু ইভা জানান, গৃহকর্ত্রী পলি খালা আমাকে শিক দিয়ে আগুনের ছ্যাকা দিয়েছে। কয়েকদিন আগে মাথায় রড দিয়ে আঘাত করেছে। শিশুটি জানায়, আমি ওই বাসায় কাপড়-চোপড় ধোয়া ও ঘর পরিষ্কার করি। খালারা যখন বাড়ির বাইরে যায়, তখন আমাকে দড়ি দিয়ে বেঁধে যায়। আজ দড়ি ছিড়ে আমি পালিয়ে বের হয়ে এসেছি।
শিশুটিকে উদ্ধার করা স্থানীয় বাসিন্দা ফারুক চৌধুরী জানান, শিশুটি নির্যাতনের শিকার হয়ে কাদঁতে কাদঁতে বাসা থেকে দৌড়ে বের হয়ে যাওয়ার সময় আমার মোটর সাইকেলের সামনে পড়ে। আমি মোটর সাইকেল থামিয়ে এলাকাবাসির কাছে শিশুটিকে নিয়ে যাই ।
শিশুটিকে স্থানীয় এলাকাবাসির মাধ্যমে কোতয়ালী থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন জানান, শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। গৃহকর্তা-গৃহকর্ত্রী পালিয়ে গেছে।



















































