শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পার্বতীপুরে মধ্যপাড়া রেঞ্জে শত শত একর বনভূমি বেদখল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

172056b

পূর্বাশা ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জে প্রতিদিন এলাকার প্রভাবশালী ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে বনভূমি। বনের জায়গা দখল করে ইতিমধ্যে গড়ে উঠেছে হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। বনের ভেতর গড়ে উঠেছে একাধিক বন স’মিল। মধ্যপাড়া রেঞ্জের সাত হাজার একর জমির মধ্যে বেদখলে চলে গেছে পাঁচ হাজার একর ভূমি।

এদিকে, মধ্যপাড়া রেঞ্জটি একসময় শাল বাগানের জন্য বিখ্যাত হলেও বনদস্যুদের চুরি ও দখলে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী শালবাগান। অন্যদিকে, মধ্যপাড়া রেঞ্জে জনবলের অভাবে উদ্ধার করা যাচ্ছে না বেদখল হওয়া বনভূমি। অবৈধ স’মিল মালিকদের নামে একাধিক মামলা হওয়ার পরও তারা আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে এসে পুনরায় একই কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বনবিভাগ সূত্রে বলা হয়েছে, পার্বতীপুর-ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলার বনবিভাগ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপাড়া রেঞ্জ। এই রেঞ্জের অধীনে রয়েছে মধ্যপাড়া সদর, কুশদহ, আফতাবগঞ্জ বিট ও ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা নার্সারি। জানা যায়, আফতাবগঞ্জ বিটে ২৬০০ একর, মধ্যপাড়া বিটে ১৪০০ একর, কুশদহ বিটে ১২০০ একর এবং ভবানীপুর বিটে ১৬০০ একর বনভূমি রয়েছে। মধ্যপাড়া রেঞ্জে মোট ছয় হাজার ৮০০ একর বনভূমি থাকার কথা থাকলেও বর্তমানে এখানে বনভূমি রয়েছে মাত্র দুই হাজার একর।

অপরদিকে, মধ্যপাড়া এলাকাবাসী সূত্রে বলা হয়েছে, এখানকার রেঞ্জটি একসময় শাল কাঠের বিখ্যাত ছিল। এখন সেই শালকাঠ নেই বললেই চলে। ফুলবাড়ী-রংপুর মহাসড়কের পাশে চেচেয়া নামক একটি শালবাগান ছাড়া আর কোনো শালবাগান নেই এখানে। মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা রঞ্জিবুল ইসলাম বলেন, “আমি দায়িত্বে আসার পুর্বে ওই জায়গাগুলো দখল হয়ে গেছে। আমি একাধিক নোটিশ দেওয়ার পরও তারা দখল ছাড়েনি। এজন্য তাদের বিরুদ্ধে একাধিক মামলাও দেওয়া হয়েছে। সেই মামলা থেকে জামিনে এসে তারা পূর্বের ন্যায় অবৈধ কাজ করে যাচ্ছেন।” তবে তিনি দাবি করেন, তাঁর দায়িত্বে আসার পর নতুন কোনো জায়গা বেদখল হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মকর্তা বলেন, “বনদস্যুরা এলাকার প্রভাবশালী ও স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাও তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না। এ কারণে বন কর্মকর্তারাও কোনো জোরালো পদক্ষেপ নিতে পারেন না।” বনের জায়গা উদ্ধার করতে গিয়ে ইতিপুর্বে অনেক বন কর্মকর্তা বনদস্যুদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি