
পূর্বাশা ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. ফয়সাল মিয়া (১৮) নামের মাদকাসক্ত এক তরুণকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর মা। গতকাল বুধবার বিকেলে প্রতিবেশীদের সহায়তায় মা হেনা বেগম (৪৫) ফয়সালকে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ফয়সালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জালাল মিয়ার ছেলে ফয়সাল দুই থেকে তিন বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কয়েক দিন ধরে নেশার টাকার জন্য তিনি তাঁর পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন শুরু করেন। গতকাল বিকেলেও তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। মাদকাসক্ত ছেলের এই অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় ফয়সালের মা তাঁকে পুলিশে সোপর্দ করেন।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফয়সাল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
মা হেনা বেগম বলেন, ‘ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে। তার অপকর্মে আমরা অতিষ্ঠ হইয়া পড়েছি। আমরার জীবন শেষ কইরা ফালাইছে। তার হাত থেকে বাঁচার জন্য আমি তাকে পুলিশে দিছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার উপরিদর্শক (এসআই) আবদুল আলীম বলেন, ফয়সাল মিয়াকে আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।

























































