পূর্বাশা ডেস্কঃ
মা ইলিশ সংরক্ষনের জন্য বাংলাদেশে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত ১২ই অক্টোবর থেকে কাজ করছে সরকারের ৮টি সংস্থা। তিন সপ্তাহের নিষেধাজ্ঞা মধ্যে ইতিমধ্যে দু সপ্তাহ পার হয়ে গেছে। এর মধ্যে নিষেধ অমান্য করে মাছ ধরার জন্য ৯শ’ জন জেলেকে কারদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জেলেরা বলছেন তারাও এবার সতর্ক। কিন্তু তারপরেও অর্থনৈতিক কারণে কেউ কেউ গোপনে মাছ ধরতে বাধ্য হচ্ছেন।
বরিশালের জেলে বাবুল হাওলাদার বলেন, ‘আমাদের দাবি ছিল ৬০ কেজি চাল, ২ হাজার টাকা। আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা পেটে ভাত দিতে পারতেছি না। অনেক গেরস্ত আছে যারা পদ্মা থেকে আনবে তারপরে খাবে। এইসব সমস্যার কারণে টুকিটাকি দু একটা ঘটনা ঘটতেছে’।
তবে মৎস অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন মা ইলিশ রক্ষায় কোন ছাড় দেয়া হবে না। কিন্তু যে ২১ দিন মাছ ধরা বন্ধ সে সময়টাতে জেলেদের জীবিকা নির্বাহের বিকল্প কোন ব্যবস্থা নেওয়া কিনা এ বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন মৎস অধিপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ। তিনি বলেন, ২ থেকে ৪ বছরের প্রচেষ্টার ফলে এই বছর ইলিশের প্রচুর উৎপাদন হয়েছে। জেলেরা উপকৃত হয়েছে এটা তাদের জন্যই করা হয়েছে। এবছর তারা ভাল লাভবান হয়েছেন। আমরা যে কাজগুলো করছি এর জন্য বেশি সুবিধাভোগী হবেন জেলেরা। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মাছ ধরা বন্ধের সময় কোন সাহায্য করতে পারিনি। এবারই প্রথম আমরা মা ইলিশ ধরা বন্ধের সময় ২০ কেজি করে চাল দিচ্ছি। যেটা আগে কখনও দেয়া হয়নি। ২ লক্ষ ৫৬ হাজার জেলেকে এই সহায়তা দেয়া হচ্ছে।
২১ দিনে ২০ কেজি চাল দেয়া হচ্ছে এটা কি বাস্তবসম্মত এর উত্তরে আরিফ আজাদ বলেন, শুধু চাল দিয়ে একটা জেলে পরিবারের জীবিকা নির্বাহ করা সম্ভব না। কিন্তু আমরা মনে করি এবছর ইলিশের উৎপাদনের সুফল জেলেরা পেয়েছে সেটা তাদের এই সময় কাজে লাগার কথা। আপনি যদি আগে থেকে জানেন ২২ দিন মাছ ধরতে পারব না তাহলে তার জন্য ব্যবস্থা করে রাখতে হবে। আমরা জেলেদের সহায়তার জন্য আরও একটা প্রকল্প হাতে নিয়েছে। এটা বাস্তবায়ন করা গেলে আগামী বছর আমরা জেলেদের জন্য আরও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। এই মুহূর্তে ইলিশ মাছ ধরার সাথে সরাসরি প্রায় ৫ লাখ জেলে জড়িত আছে। আমরা এবার একদম নদীর পাড়ে যারা বাস করেন এবং যারা অভয়াশ্রমের পাশে বাস করেন তাদের পুরোপুরি সহায়তার দেয়া চেষ্টা করছি।


























































