শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিলে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

brazil20161103152140
পূর্বাশা ডেস্ক:

দৃশ্য: ‘টোয়েন্টি কন্টিনিউস শটস্ ফলোড বাই সিদ্ধার্থ’

ব্রাজিলের রিও ডি জানেইরোতে ৩ নভেম্বর শুরু হয়েছে কুর্টা সিনেমা ফেস্টিভ্যালের ২৬তম আসর। বিশ্বের অন্যতম সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটি ‘রিও ডি জানেইরো ইন্টারন্যাশাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল’ নামেও পরিচিত।

এ আয়োজনের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টোয়েন্টি কন্টিনিউস শটস্ ফলোড বাই সিদ্ধার্থ’। আবিদ হোসেন খান পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে খনা টকিজ।

জানা গেছে, জমা পড়া প্রায় তিন হাজার স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য থেকে ২১ দেশের ২৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। আর ব্রাজিলের ২৫টি স্বল্পদৈর্ঘ্য ছবি লড়বে জাতীয় প্রতিযোগিতা বিভাগে।

উৎসবটির পরিচালক এলটন ফ্রাঙ্কো জানান, তাদের মূল লক্ষ্য ব্রাজিলের জনগণের কাছে বিশ্বের বিভিন্ন ধরনের স্বল্পদৈর্ঘ্য ছবির বৈচিত্রতা ও গুরত্ব তুলে ধরা এবং অডিওভিজ্যুয়াল শিল্পকে ত্বরান্বিত করা। উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

‘টোয়েন্টি কন্টিনিউস শটস্ ফলোড বাই সিদ্ধার্থ’ হলো আবিদ হাসানের প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি। এর গল্প আবর্তিত হয়েছে সিদ্ধার্থ নামের এক ব্যক্তিকে ঘিরে। জীবনে অস্তিত্বের মানে বুঝতে একটি বস্তিতে বসবাস শুরু করে সে দেখে নর্দমার মতো নীরস জীবনযাত্রা রাজনৈতিক বক্তৃতা ও ধর্মোপদেশের মাধ্যমে সংবাদের আলোচ্য বিষয় হয়ে ওঠে।

সিদ্ধার্থ চরিত্রে অভিনয় করেছেন আবিদ হোসেন খান নিজেই। চিত্রগ্রহণ করেছেন দিব্য সমাদ্দার, সম্পাদনায় মোহাম্মদ রাজু। এদিকে খনা টকিজের প্রযোজনায় আবিদ তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য ছবির দৃশ্যধারণও সম্পন্ন করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি