রাজধানীর বনানীতে অবৈধভাবে দখলে থাকা বাড়ি ও জমি থেকে পূর্ব পাকিস্তানের সাবেক কুখ্যাত গভর্নর মোনায়েম খানের পরিবারকে উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বৃহস্পতিবার দুপুরে বনানীর কবরস্থান সড়কে সরকারি রাস্তার জায়গা ও জমি দখল করে গড়ে তোলা স্বাধীনতা যুদ্ধের সময় দেশবিরোধী অন্যতম কুচক্রী ও তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের বাড়ি ‘বাগ-ই-মোনায়েম’ বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি সূত্র আমাদের সময় ডটকমকে জানিয়েছে,কোনো বৈধ নথি দেখাতে না পারায় আজ বৃহস্পতিবার মূল সড়ক থেকে ১৬ ফুট ভেতরে প্রায় ১০ কাঠা জমির ওপর গড়ে তোলা অবৈধ ভবন ভেঙে ফেলা হয়।
বিকেল ৪টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক সংবাদ সম্মেলনে ওই জায়গা সড়কের জন্য উন্মুক্ত ঘোষণা করবেন।
এর আগে দুপুর আড়াইটার দিকে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম বনানী কবরস্থানের সামনে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করার পরপরই শুরু হয় আলোচিত ‘বাগ-ই-মোনায়েম’ বাড়িটির উচ্ছেদ কার্যক্রম।
সূত্রটি জানায়, সরকারি ৫ বিঘা ১১ কাঠা জমি দখল করে গড়ে তোলা এই বাড়িতেই মোনায়েম খানের দুই কন্যা গড়ে তুলেছেন অন্বেষা নামে একটি স্কুলও। মোনায়েম খান হচ্ছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভনর। মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হন ১৯৭১ সালে। তার বরাদ্দ নেওয়া জমির পরিমাণ ১০ কাঠা। ১১০/এ নম্বরে ভুয়া হোল্ডিং বানিয়ে এ জমি দখল করা হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মোনায়েম খান ১৯৭১ সালের ১৩ অক্টোবর ঢাকার বনানীর এ বাড়িতে মুক্তিবাহিনীর গুলিতে আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


























































