লইট্টা মাছ ডিপ ফ্রাই
উপকরণ: লইট্টা মাছ ৯ থেকে ১০ টুকরা, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা ২ চা-চামচ, ডিম ২টি, ব্রেড ক্রাম্ব ৩ কাপ, সয়াবিন তেল প্রয়োজন অনুসারে।
প্রণালি: মাছ লবণ, লেবু, সয়া সস, আদা-রসুন বাটা দিয়ে ম্যারিনেট করতে হবে। তারপর ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ডুবো তেলে ভাঁজতে হবে। লইট্টা মাছ ডিপ ফ্রাই হয়ে গেলে গ্রিন চিলি সস দিয়ে পরিবেশন করুন।
রুপচাঁদা গ্রিল
উপকরণ: রুপচাঁদামাছ (২০০ গ্রাম ওজনের) ৪টি, লেবুর রস ১ কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ২ টেবিল চামচ, পাপরিকা ১ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি: মাছ ভালো করে পরিষ্কার করে সবগুলো উপকরণ দিয়ে ২০-২৫ মিনিট ম্যারিনেট করতে হবে। তারপর গ্রিল প্যানে গ্রিল করতে পারেন। আবার ইলেকট্রিক ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ থেকে ১৫ মিনিট গ্রিল করতে হবে। রুপচাঁদা গ্রিল হয়ে গেলে লেমন বাটার সস দিয়ে পরিবেশন করুন।
কোরাল মাছের স্টেক
উপকরণ: কোরাল মাছ ৪০০ গ্রাম (ফিলে), সাদা গোলমরিচের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস দুই টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট ২ টেবিল চামচ, এলপি সস ১ চা-চামচ, কাশ্মীরি চিলি পাউডার আধা চা-চামচ, জলপাই তেল আধা কাপ।
প্রণালি: প্রথমে লবণ ও লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে নিতে হবে। তারপর সবগুলো উপকরণ দিয়ে মেখে ১৫-২০ মিনিট ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রাখতে হবে। অতঃপর গ্রিল প্যানে সেঁকে নিতে হবে। স্টেক হয়ে গেলে লেমন বাটার সস দিয়ে পরিবেশন করুন।
সুরমা মাছের ফিশ কেক
উপকরণ: সুরমা মাছ ৬০০ গ্রাম ( কাঁটাছাড়া মাছ কিমা করে নিতে হবে), আদা-রসুন বাটা ২ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ফিশ সস ১ টেবিল চামচ, কাশ্মীরি চিলি পাউডার ২ চা-চামচ, ডিম ১টি।
প্রণালি: ওপরের সবকিছু একসঙ্গে মাখাতে হবে। ইচ্ছেমতো আকার দিয়ে ডুবো তেলে ভাঁজতে হবে। হয়ে গেলে গ্রিন চিলি সস দিয়ে পরিবেশন করুন।


























































