ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণ হয়ে গেছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেছেন হোয়াইট হাউজে প্রবেশাধিকার। মঙ্গলবারের নির্বাচনে পপুলিস্ট ভোট ও ইলেক্টোরাল ভোট দুটোই বেশি পেয়েছেন ট্রাম্প। জাতি, লৈঙ্গিক পরিচয়, বয়স, শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বিচারে ভোটাররা কোন প্রার্থীকে বেশি ভোট দিয়েছেন, তার ওপর ভোট-পরবর্তী একটি জরিপ প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, পুরুষ ভোটারদের ৫৩ শতাংশই ভোট দিয়েছেন ট্রাম্পকে। এর বিপরীতে হিলারিকে ভোট দিয়েছেন ৪১ শতাংশ পুরুষ ভোটার। খবর বিবিসি।
এবিসি নিউজ, এপি, সিবিএস নিউজ, সিএনএন, ফক্স নিউজ, এনবিসি নিউজসহ বিভিন্ন সংবাদ সংস্থার সমন্বিত এ জরিপ পরিচালনা করেছে এডিসন রিসার্চ নামে একটি সংস্থা। জরিপের তথ্যমতে, নারী ভোটারদের মধ্যে ৫৪ শতাংশ ভোট দিয়েছেন হিলারিকে। এর বিপরীতে ৪২ শতাংশ নারী ভোট পেয়েছেন ট্রাম্প। শ্বেতাঙ্গ ভোটারের ৫৮ শতাংশ ভোট দিয়েছেন ট্রাম্পকে। এর বিপরীতে হিলারি পেয়েছেন ৩৭ শতাংশ শ্বেতাঙ্গ ভোট। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ ভোটারই শ্বেতাঙ্গ। অবশ্য কৃষ্ণাঙ্গদের মধ্যে বরাবরের মতোই এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। এক্ষেত্রে তার পক্ষে ভোট দিয়েছেন ৮৮ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার। আর ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প।
আশানুরূপ না হলেও ৬৫ শতাংশ হিস্পানিক ভোটার হিলারিকেই ভোট দিয়েছেন। এক্ষেত্রে ট্রাম্প পেয়েছেন ২৯ শতাংশ ভোট। উল্লেখ্য, ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি ২৭ শতাংশ হিস্পানিক ভোটারের ভোট পেয়েছিলেন। ম্যাক্সিকো সীমান্তে দেয়াল তোলার ঘোষণার পর ধারণা করা হয়েছিল, এবার এ হার অনেক কমে আসবে। কিন্তু সবাইকে বিস্মিত করেই কমার বদলে হিস্পানিকদের মধ্যে উল্টো বেড়েছে ট্রাম্পের ভোট।
জরিপের এ ফল নির্বাচন-সম্পর্কিত সাধারণ মত সম্পর্কে মিলে যায়। যদিও জরিপের পরিসর ততটা বড় নয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভোটকেন্দ্রে গত মঙ্গলবার মোট ১২ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে জরিপে অংশ নিয়েছেন ২৫ হাজার ভোটার। এতে দেখা গেছে, এশীয় ভোটারদের ২৯ শতাংশই ভোট দিয়েছেন ট্রাম্পকে। এর বিপরীতে হিলারি পেয়েছেন ৬৫ শতাংশ এশীয় ভোট। তরুণ ভোটারদের মধ্যেও জনপ্রিয় ছিলেন হিলারি। ১৮-১৯ বছর বয়সী ভোটারদের ৫৫ শতাংশ ভোট দিয়েছেন সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীকে। এক্ষেত্রে ট্রাম্পের অংশ ৩৭ শতাংশ। আর ৪৫-৬৪ বছর বয়সী ভোটারদের ৪৪ শতাংশ ভোট দিয়েছেন ট্রাম্পকে। এক্ষেত্রে হিলারির অংশ ৫৩ শতাংশ।
তুলনামূলক ধনীদের ক্ষেত্রে দুই প্রার্থীর প্রভাব ছিল সমানে সমান। আড়াই লাখ ডলারের বেশি আয় করেন, এমন ভোটারদের ক্ষেত্রে ট্রাম্প ও হিলারি ভোট পেয়েছেন যথাক্রমে ৪৬ ও ৪৮ শতাংশ। আর ৩০ হাজার ডলারের নিচে আয় করেন, এমন ভোটারদের মধ্যে ৫৩ শতাংশ ভোট দিয়েছেন হিলারিকে। এর বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৪১ শতাংশ ভোট।
কিছু চমকপ্রদ তথ্যও উঠে এসেছে জরিপে।


























































