শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » দুই বিজিবি সদস্য আহত হাকিমপুরে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে


দুই বিজিবি সদস্য আহত হাকিমপুরে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৬

115347dinajpur-map
পূর্বাশা ডেস্ক :

দিনাজপুরের হাকিমপুরের বাসুদেবপুর সীমান্তে চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় শাওন নামে একজনকে আটক করেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছে বিজিবি।

আটক শাওন হাকিমপুরের বাসুদেবপুরের চুড়িপট্রি এলাকার বাসিন্দা আবু সাইদ ঘুটু মিয়ার ছেলে।

বিজিবির ২০ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গতরাত ৩টার দিকে হাকিমপুরের বোয়ালদায় একটি মুরগি ফার্মের কাছে অন্তত ৩০ জনের একটি মাদক চোরাচালানি দলের সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় চোরাচালানিদের ধারালো অস্ত্রের ‌আঘাতে বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের সদস্য মোস্তাকিম ও ইউসুফ আহত হন। তাঁদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড গুলি ছুড়লে অন্যরা পালিয়ে গেলেও একটি তলোয়ার ও দুটি কুড়ালসহ ২১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একপর্যায়ে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় শাওন নামে একজনকে আটক করে ভোরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি