‘নাটকটি ঈদে প্রচারের জন্য তৈরি করছেন যখন শুনলাম তখন খানিকটা অবাক হলাম! এত আগেই কাজ গোছানো হয় নাটকের?’ এখনই ঈদের নাটকের প্রস্তুতি। হ্যাঁ, সেরকমটাই জানেন নাটকের পাত্র-পাত্রী। এমনকি নির্মাতাও তা-ই বলছেন।
ঈদ আসতে এখনো অনেক দেরি। কিন্তু আগামী বছরের ঈদুল ফিতরে প্রচারের লক্ষ্য নিয়ে নাট্য নির্মাতা হিমেল আশরাফ এরইমধ্যে নাটক নির্মাণের কাজ শুরু করেছেন। নোবেল ও শখকে নিয়ে তিনি তার নতুন খণ্ডনাটকের কাজ শুরু করেছেন। গতকাল দুপুর থেকে সাভারের একটি লোকেশনে ‘হ্যালো আর জে’ নামের একটি নতুন নাটকের শুটিং শুরু করেছেন। নাটকটিতে নোবেল একজন সুপারস্টারের ভূমিকায় এবং শখ অভিনয় করছেন একজন স্টার আর জে’র ভূমিকায়। পরিচালক জানান, এটি একটি রোমান্টিক গল্পের নাটক। ঈদে দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করেই নাটকটি ঈদ আসার অনেক আগেই নোবেল ও শখের সঙ্গে সিডিউল মিলিয়ে নির্মাণ করছেন তিনি।
মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল বলেন, ‘গল্পটা সাধারণ, কিন্তু চমৎকার। নাটকটি ঈদে প্রচারের জন্য তৈরি করছেন যখন শুনলাম তখন খানিকটা অবাক হলাম! এত আগেই কাজ গোছানো হয় নাটকের? আর নির্মাতার সাথে প্রথম কাজ হলেও শখ আমার সাথে কাজ করেছে এর আগেও। দর্শকের ভালোলাগার মতো কিছু টুইস্ট আছে নাটকে। শখ একজন কো-আর্টিস্ট হিসেবে সবসময়ই প্রাণবন্ত। শুটিং সেটে কো-আর্টিস্ট যদি হাসি-খুশি, প্রাণবন্ত না হয় তাহলে আমার কাজ করতে সমস্যা হয়। কিন্তু শখ সবসময়ই আমার খুব ভালো একজন সহশিল্পী। মডেলিং কিংবা বিজ্ঞাপনে শখ খুব ভালো করছে। আমাদের নতুন এই কাজটিও ভালোলাগার মতো একটি কাজ হবে।’ শখ বলেন, ‘নোবেল ভাইয়ার সঙ্গে কাজ করাটা সবসময় আমার কাছে স্বপ্নের মতো মনে হয়।
তিনি এত বড় একজন সুপারস্টার হয়েও তার মধ্যে যে আন্তরিকতা সবসময় দেখে এসেছি তা আমাকে মুগ্ধ করেছে বারবার। তার সঙ্গে প্রতিটি কাজই আমি খুব উপভোগ করি। ‘হ্যালো আর জে’ নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী। আশা করি আসছে বছরের ঈদুল ফিতরে আমার অন্যতম একটি কাজ হবে এটি।’


























































