শুক্রবার,২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝাড়ু, লাঠি ও বটি নিয়ে প্রস্তত হোন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৪

o142ah2v-e1410186503836বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে সরকার জনগণের উপর ভূতের মত চেপে বসেছে। জনগণের উপর থেকে এই ভূত সরাতে ঝাড়ু, লাঠি ও বটি নিয়ে প্রস্তত হোন।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সব কাজে সফল হলেও একটি কাজে পরাজিত হয়েছেন। প্রধানমন্ত্রী তার বাবার নামে মুন্সিগঞ্জে বিমানবন্দর করতে চেয়েছিলেন। কিন্তু সেখানকার জনগণ শেখ হাসিনাকে তা করতে দেননি বরং তাকে ঝাড়ু দিয়ে বিতাড়িত করেছেন।’

‘বৈধ পথে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে হান্নান শাহ বলেন, ‘তাহলে কি আপনারা অবৈধ পথে ক্ষমতা দখল করেছেন?’

তিনি বলেন, ‘সাবেক এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার তার বইতে সত্য বলায় আওয়ামী লীগের গোপন তথ্য প্রকাশ পেয়েছে। এই কারণে আওয়ামী লীগের নেতারা এ কে খন্দকারকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন।’

সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি