বুধবার,২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৪

luewavz1_41757যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে বগুড়ায় রিয়াজ উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আসামির উপস্থিতে আজ বৃহস্পতিবার বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম দীর্ঘ শুনানী শেষে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াজ বগুড়ার নামুজা বগারপাড়া গ্রামের মৃত ইশা ফকিরের পুত্র এবং তিন সন্তানের পিতা।

মামলা সূত্রে জানা যায়, বগুড়া সদরের নামুজার বগারপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের কন্যা পিয়ারা খাতুনের সঙ্গে একই এলাকার শাহপাড়ার ইশা ফকিরের পুত্র রিয়াজ উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রিয়াজ উদ্দিন যেৌতুকের টাকার জন্য প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতো। এরই এক পর্যায়ে ১৯৯৭ সালের এপ্রিল মাসের ১৯ তারিখে নিজ বাড়িতে পিয়রা খাতুনকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারপিট করে হত্যা করে। হত্যার ঘটনায় নিহত পিয়ারার ভাই মমতাজ উদ্দিন বাদী হয়ে ওই দিনই রিয়াজ উদ্দিনকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা টিএসআই হুমায়ুন কবির ওই বছরের ১৯ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালতের বিচারক দীর্ঘ শুনানী শেষে অভিযুক্ত ৫ জনকে বেকসুর খালাস প্রদান করেন এবং প্রধান আসামি রিয়াজ উদ্দিনের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো. মনতেজার রহমান মন্টু এবং আসামী পক্ষে ছিলেন রজত কুমার ঘোষ ও ফজলুল হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি