প্রযুক্তির ব্যবহারে বাড়ছে একে অপরের যোগাযোগ। ঘনিষ্ঠ হওয়ার সুযোগও এখানে বেশি। আর তাই বিপত্তিও কম নয়। সহজেই একে অপরের কাছে আসার সুবাদে খুব কম সময়েই বর্তমান ছেলেমেয়েরা যৌন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তবে এসব সম্পর্কের বেশিরভাগই বিয়ের দিকে গড়ানোর হার অনেক কম।
হয়তো প্রেমিক আপনাকে যৌন সম্পর্কে জড়াবার জন্য খুবই পীড়াপীড়ি করছে। হুমকি দিচ্ছে, রাজি না হলে সম্পর্ক ভেঙে ফেলবে। কিংবা পুরুষটি ইমোশনাল ব্ল্যাকমেইল করারও চেষ্টা করছে। এক্ষেত্রে একবার ভেবে দেখুন তো, আপনিও কি তার সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে চান এখনই?
সঙ্গে এটাও ভাবুন, আপনার সামাজিক অবস্থান বা পারিবারিক মূল্যবোধ অনুযায়ী কাজটা কি ঠিক হচ্ছে? জীবন আপনার, তাই সিদ্ধান্তও আপনার। দীর্ঘমেয়াদী সুন্দর সম্পর্ক চাইলে বিয়ের আগে যৌনতা পরিহার করাই ভালো। আপনি হয়তো রাজি নন, কিন্তু প্রেমিক পীড়াপীড়িতে আপনি যা করবেন-
– প্রথমে তার সঙ্গে ঠাণ্ডা মাথায় কথা বলুন। তাকে বুঝিয়ে বলুন, বিয়ের আগে এমন সম্পর্কে আপনি যেতে রাজি নন। তিনি আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে।
– প্রেমিক বলেই অন্ধ বিশ্বাসে তার ওপর সব কিছু ছেড়ে দেয়া ঠিক নয়। এই অন্ধ বিশ্বাসের কারণে প্রেমিকের সঙ্গে কোনো বন্ধুর বাসায়, হোটেল বা নির্জন স্থানে চলে যাবেন না। এতে নানা ধরণের অনাকাঙ্ক্ষিত সমস্যায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে!
– প্রেমিকের সঙ্গে সব সময় পাবলিক প্লেসে দেখা করুন। তাতে দুজনার সম্পর্ক সাবলিল থাকবে।
– শুধুমাত্র যৌনতাকে বৈধ করার জন্য অনেকে গোপনে কাজী অফিসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এমন বোকামি করতে যাবেন না একেবারেই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই সম্পর্কের সামাজিক স্বীকৃতি জুটে না। ভুগতে হয় মেয়েকেই।
– প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি দেয়ার শর্তে রাজি হবেন না মোটেই। এমনও হতে পারে প্রেমিকেরই বুদ্ধির ভুলে সেটা অন্যের হাতে পড়তে পারে। তাছাড়া সময়ের পরিবর্তনে প্রেমিকই যে আপনাকে ব্লাকমিল করবে না তার কি নিশ্চয়তা?
– যৌন সম্পর্কে রাজি না হওয়ায় প্রেমিক যদি আপনাকে ছেড়ে চলে যায়, তো যেতে দিন। এটা মনে রাখবেন, এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেনি। তার অযাচিত ইচ্ছা থেকে নিজেকে দূরে রাখায় আপনার জন্য সবচেয়ে ভালো।
জীবন একটাই, একটি ভুল সিদ্ধান্তের জন্য অশান্তি ডেকে আনার কোনো মানেই হতে পারে না।

























































