কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















































