পূর্বাশা ডেস্কঃ
জাতিসংঘের তত্ত্বাবধানে ২০১৫ সালের মধ্যে আগাম নির্বাচন চাইছে বিএনপি। আর এটা তারা জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রকেও জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই’এর বাংলাদেশ সফরকালেও তারা এই তথ্য জানিয়েছে। তাকে বলেছেন তারা আগাম নির্বাচন চায়। তবে বাংলাদেশে এই সরকারের অধিনে নির্বাচন হলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। এই কারণে তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই নির্বাচন হতে হবে। না হলে আবারও বিএনপিকে নির্বাচনর বাইরে রাখা হবে। যাতে করে আওয়ামী লীগ ক্ষমতাসীন হতে পারে। তাদের লক্ষ্য ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতাসীন থাকা। বিএনপিকে দুর্বল করা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করতে সরকার কাজ করছে। অন্যায়ভাবে তাদের বিচার করছে সেটাও জানিয়েছে। এটাও জানিয়েছে সরকার কোন কারণে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করতে না চাইলে ও তাদের অধিনে নির্বাচন করতে চাইলে ওই নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে। সেটা হলে নির্বাচন সুষ্ঠু হতে পারে। বিএনপির কাছ থেকে তারা আরো বিভিন্ন বিষয় জেনেছে। আর সেটা জেনেই যুক্তরাষ্ট্র সরকারও বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তারা চাইছে ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক চলমান পরিস্থিতির পরিবর্তন হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচন সবাই মেনে নিবে। এই জন্য যুক্তরাষ্ট্রের সরকার কাজ করছে। তবে বাংলাদেশে তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে পরিবেশ দরকার সেটা পাচ্ছে না। বিএনপি’কে যে শক্তি নিয়ে মাঠে দেখতে চাইছে সেটাও বিএনপি পারছে না। ফলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করা কিছুটা সময় সাপেক্ষ হয়ে গেছে। আবার জাতিসংঘও বিষয়টি জানার পর চেষ্টা করছে বাংলাদেশে সত্যিকারের একটি গ্রহনযোগ্য নির্বাচন করানোর। তবে সেটা পাছে না। কারণ আওয়ামী লীগ সরকার কোনভাবেই বিদেশিদের কোন আধিপত্য মেনে নিবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টিতো নয়ই। সরকার কোন ভাবেই জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করবে না। এটা জানার পর এখন তারা কোন পন্থা অবলম্বন করলে সেটা সফল হবে এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে চাইছে। যে কারণে শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এখনই চটাতে চাইছে না। তাদেরকে গুরুত্ব না দিলেও সুসম্পর্ক বজায় রেখেই চলেছে। নমনীয়তা দেখাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন এখন অনেকটা কঠিন সময় অতিবাহিত করছেন। দল গোছানো ও আন্দোলন কর্মসূচি ঘোষণা করা কোনটি গুছিয়ে করতে পারছেন না। কুটনৈতিক সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার দরকার হলেও তা করতে পারছেন না। কুটনীতিকরা আগাম নির্বাচন চাইছেন কিন্তু এর জন্য বিএনপি সরকারের উপর যতখানি চাপ তৈরি করা দরকার তা পারছে না। এই কারণে তারা কিছুটা ধীরে চলার নীতি অনুসরণ করছেন। এই অবস্থায়ও বিএনপি লক্ষ্যে পৌঁছাতে বিভিন্নভাবে এগুনোর চেষ্টা করছেন। তবে সরকারের তরফ থেকে নানা বাঁধার কারণে দলটি যতটুকু এগুচেছ আবার ততখানি পিছিয়ে যাচ্ছে। দলের নেতাদের অনেকেই স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণেও যথাসময়ে সাফল্য আসছে না বলেও মনে করছেন। একক কোন নেতার উপর আস্থা রাখতে পারছেন না খালেদা। আর এই কারণে তার সঙ্গে দেখা করার ও যোগাযোগ করার যে দেয়াল ছিল তা তুলে নিলেন খালেদা জিয়া। এই প্রথম যে কোন সময়ে তার সঙ্গে যোগাযোগের জন্য বললেন নেতাদের। এর আগে নেতারা চাইলেও তার সঙ্গে দেখা করতে ও কথা বলতে পারতেন না। সেটা এখন থেকে তিনি আর রাখতে চান না। তিনি মনে করছেন তাকে নেতারা সমস্যার কথা জানাতে পারলে সমস্যার দ্রুত সমাধান হবে।
সূত্র জানায়, ২০১৪ সালে এই দলটির রাজনৈতিক কোন সাফল্য নেই, কেবল কয়েকটি সফল সমাবেশ করা ছাড়া। তাতেও রাজনীতিতে বড় ধরনের কোন প্লাস পয়েন্ট যোগ করতে পারেনি। জনগণকে আস্থার মধ্যে আনতে পারেনি। জনগণ ভোট হলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হিসাবে বিএনপিকে ভাবতে পারে তবে বিএনপিকেই ভালবেসে যে ক্ষমতাসীন করবে পরিস্থিতি সেই রকম নয়। এটা করার জন্য বেগম খালেদা জিয়া বার বার চেষ্টা করছেন তবে তা পারছেন না। কারণ তার নেতাদের মধ্যে যারা এই ব্যাপারে কাজ করবেন তাদের অনেককে নিয়েই সমস্যা রয়েছে। যেখানে বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন সেখানে একটি অনুষ্ঠানের যত সাফল্য আসছে অন্য নেতারা গেলে ততোটা সাফল্য আসছে না।
বিএনপির লক্ষ্য ছিল ২০১৪ সালের অক্টোবরের মধ্যে যে করেই হোক দল গুছিয়ে আনা হবে। আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের উপর নির্বাচন দেওয়ার জন্য চাপ তৈরি করা হবে। সরকারকে দেশের ভেতরে জনগনকে দিয়ে চাপ দেওয়ানো ছাড়াও আন্তর্জাতিক শক্তিগুলোও বিএনপির ডাকে ও অনুরোধে সাড়া দিয়ে সরকারের উপর নির্বাচনের জন্য চাপ তৈরি করবে। কিন্তু বিএনপি এর কোনটি করতে পারেনি। তা করতে না পারায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ৫ জানুয়ারির নির্বাচন মেনে নেয়নি ও তারা এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এই জন্য গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বার বার বলেছে। কিন্তু তাদের এই বলাটা সরকার তেমন কোন গুরুত্ব দিচ্ছে না। দেশের ভেতরে বিএনপি তেমন চাপ তৈরি করতে না পারার কারণে তারা এতদিন কিছুই করতে পারেনি। মাঝে মাঝেই তারা তাদের অবস্থান সম্পর্কে সরকারকে সতর্ক করে দিয়েছে। সরকার তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে। তারা পারেনি। তবে সরকারের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে। ফলে এই বছরের মধ্যে আগাম নির্বাচন করানোর যে চেষ্টা আন্তর্জাতিক শক্তিগুলোর ছিল বিএনপির সেই ধরনের শক্তি না থাকায় তারা তা পারছে না। এটা বিএনপির একটা বড় ব্যর্থতা। সূত্র জানায়, বিএনপি কুটনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার দরকারি ছিল, তারা সেটাও পুরোপুরি করতে পারেনি। ফলে এই ক্ষেত্রে দলটি বিশেষ সুবিধা পাচ্ছে না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চায় সরকার। এই জন্য খালেদা মাইনাস বিএনপিও করতে চাইছে। আর এই লক্ষ্যে সরকার কাজও করছে। আর এই কাজে সরকারকেও বিএনপির কেউ কেউ সহযোগিতা করছেন। এরমধ্যে স্ট্যান্ডিং কমিটির একাধিক নেতার নামও রয়েছে।
সরকারের একটি বিশেষ সূত্র জানিয়েছে, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার পাশাপাশি তারেক রহমানকেও দেশে ফিরতে না দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেটা কার্যকরও করা হবে। এতদিন সরকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে, গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে এমন পরিকল্পনা করলেও এখন আর সেটা চাইছে না। এখন তারা চাইছে তারেক রহমান যাতে করে দেশে ফিরতে না পারেন। কারণ তিনি দেশে ফিরলে পরিস্থিতি ভিন্ন রকমও হতে পারে। তার শাস্তি না হলে তিনি আবার রাজনীতিতেও সক্রিয় হয়ে উঠবেন। সেই সুযোগ সরকার দিবে না।
সূত্র জানায়, খালেদা জিয়া ও তারেক রহমান দুইজনই রাজনীতি থেকে মাইনাস হবে। এই জন্য কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে সরকারের ওই সূত্র জানায়, সেটা আদালতই ঠিক করবে। কারণ বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় ফেঁসে যেতে পারেন আর তারেক রহমান দুর্নীতির মামলায় ও ২১ শে আগষ্টের গ্রেনেড হামলায় ফেঁসে যেতে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। তবে ঠিক যতটা সহজ মনে করছেন ততোটা সহজ হচ্ছে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবীরা চেষ্টা করছেন তাদের মামলার কাজ বিলম্বিত করার জন্য। এছাড়াও তারা সব আদালতেও মামলার বিভিন্ন দিক তুলে ধরে উচ্চ আদালতে লড়াই করছেন। সূত্র জানায়, বেগম খালেদা জিয়া রোববার দুই মামলায় হাজিরা না দিলে দুদকের আইনজীবী তার গ্রেপ্তারী পরোয়া চাওয়ার প্রস্তুতি রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তারী পরোয়ানা এড়াতে আদালতে হাজির হন। এই মুহুর্তে কোন গ্রেপ্তারী পরোয়ানা জারী হোক সেটা তিনি চাইছেন না। পরোয়ানা জারী হলেই সমস্যায় পড়ে যাবেন। কারণ সরকারের টার্গেট রয়েছে তাকে গ্রেপ্তার করে অন্তরীণ রাখা। বিএনপির পুরোপুরি আন্দোলন থামিয়ে দেওয়া। তারা কোন কারণে দন্ডিত হলেও যাতে আন্দোলন থেমে না যায় সেই জন্য দলের ভেতরে যাতে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো বেশ কিছু নেতা থাকেন সেটাও করতে চান। এই কারণে বিভিন্ন স্তরের নেতাদের সক্রিয় করছেন।
আগামী দিনে মাঠে থাকার জন্য তার উপদেষ্টাদের মধ্যে রিয়াজ রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, উকিল আবদুস সাত্তার, এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক এমএ মান্নান, ফজলুর রহমান পটল, মুশফিকুর রহমান, আবদুল আউয়াল মিন্টু, খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আযম খান, শামসুজ্জামান দুদু, অধ্যাপক মাজেদুল ইসলাম, খন্দকার শহিদুল আলম, মুহাম্মদ হায়দার আলী, ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন, মীর মুহাম্মদ নাসিরউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, জয়নাল আবেদীন, এএসএম আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, জহুরুল ইসলাম, এমএ কাইয়ুম, মঞ্জুর আলমকেও নির্দেশ দিয়েছেন। তারা তাদের নিজ নিজ জেলাগুলোতেও আন্দোলন সফল করার জন্য কাজ করবেন। সেই সঙ্গে তাদের জেলা সমুহে যেই সব সমস্যা রয়েছে দলের ভেতরে সেগুলোও তাকে অবহিত করবেন। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশও করবেন। এর আগে তাদের তেমন কোন গুরুত্বপূর্ন ভূমিকা রাখার সুযোগ ছিল না। নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটির সদস্যদের দাপটে তারা অনেকটাই কোনঠাসা।
সূত্র জানায়, ২০১৩ সালের ২৯ ডিসেম্বরের মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচির ব্যর্থতা এখনও এই দলটিকে বহন করতে হচ্ছে। তিনি চাইছেন আগামিতে সরকার পতনের জন্য যে কর্মসূচি দিবেন তা যেন সফল হয়। আর এই জন্য কোন নেতাকে যাতে অন্য নেতার জন্য অপেক্ষা করতে না হয় বরং বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। তার কাছ থেকে জেনে নিতে পারেন দিক নির্দেশনা এবং কখন কি করণীয়। এতদিন তিনি কিছু কিছু নেতার সঙ্গে নিয়মিত কথা বললে ও দেখা করলেও গুরুত্বপূর্ন অনেক নেতারাও তার সঙ্গে কথা বলতে ও দেখা করতে পারতেন না। কিন্তু এখন তিনি বিবেচনা করে দেখেছেন এতে তার ও দলের অনেক ক্ষতি হয়েছে। এই কারণে তিনি সেটার সমাধান করতে চান। তিনি নেতাদের বলেন, আন্দোলনের অংশ হিসেবেই আপনাদের সঙ্গে বৈঠক করছি। দেখেছেন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শিগগিরই অন্য অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণা করা হবে। দলকে সুসংগঠিত করার জন্য সব উদ্যোগ নেয়া হয়েছে। সেটা করার পরই চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি নেতাদের আরো বলেন, তবে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে নিজ দায়িত্বে কাজ করবেন। এটাও তাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে, কর্মসূচি ঘোষণা করা হলে তারা যেন মাঠে থাকেন। এই জন্য বলেছেন আপনারাও নেতাকর্মীদের সঙ্গে থাকবেন। প্রয়োজন হলে যে কোনো সময় আমার সঙ্গে কথা বলবেন।






















































