বিনোদন ডেস্ক
রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবির সিক্যুয়েল ‘রোবট-২’ তে নায়কের ভূমিকায় দেখা যেতে পারে আমির খানকে। এ বিষয়ে আমিরও নাকি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
‘রোবট’-এর তামিল অনুবাদ এন্থিরান। অতএব ‘এন্থিরান-২’ এ নায়ক হচ্ছেন আমির। শঙ্কর পরিচালিত ‘রোবট’ এখনও পর্যন্ত তামিল ছবির ইতিহাসে বক্স অফিসে সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবি। রজনী-ঐশ্বরিয়া জুটির এই ছবি শুধু দক্ষিণ ভারতেই নয়, দেশজুড়ে বাণিজ্যিক ফলাফলে ঝড় তুলেছিল। সেই রোবট-এরই পরিচালক শঙ্কর সিক্যুায়ল ছবিটি পরিচালনা করবেন। সঙ্গে রয়েছেন আমিরের মতো অভিনেতা। নায়িকার নাম এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবির জন্য প্রথমে শাহরুখ খান ও তারপর আমির খান’কে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দু’জনেই সেই প্রস্তাব খারিজ করার পর রজনীকান্ত অভিনয় করেন ঐশ্বরিয়া রাইয়ের বিপরীতে।


























































