প্রতিটি রুটেই রয়েছে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ পয়েন্ট যেখানে লোকোমাস্টাররা (ট্রেন চালক) স্বাভাবিকের চাইতে গতি কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
ট্রেনের বহরে নতুন ইঞ্জিন যুক্ত না হলে এবং রেল লাইন সংস্কার বা নতুন রেল লাইন না বসলে ট্রেনের সিডিউলেও বিপর্য্যয় লেগেই থাকবে, এমনটাই আশঙ্কা লোকোমাস্টারদের।
সূত্র জানায়, যেসব ইঞ্জিন দিয়ে রেল চলছে তা ৪০ বছরেরও বেশি পুরনো। আর নতুন ৭০টি লোকোমোটিভ কেনার পরিকল্পনা থাকলেও তা আটকে আছে শর্তের বেড়াজালে।
এ নিয়ে কথা হয় রেলপথমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে। তিনি অবশ্য শর্তের বেড়াজালের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বাংলানিউজকে বলেন, ‘লোকোমোটিভগুলো দেশে এলে রেলওয়ের অনেক ক্ষেত্রে উন্নয়ন হবে।’
রেলপথের সংস্কার ও নতুন রেলপথ নির্মাণের কাজ চলছে বলেও জানালেন তিনি।
তবে ‘রেলওয়ের কাজ করা একটু সময়সাপেক্ষ এবং এর উন্নয়ন দ্রুত চোখে পড়বে না’ এমন মন্তব্যও করেন মন্ত্রী মুজিবুল হক।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চট্টগ্রামের চিনকি আস্তানা স্টেশন পর্যন্ত ১৮০ কিলোমিটার পর্য্যন্ত ক্ষয়প্রাপ্ত রেল লাইন পরিবর্তন করে নতুন লাইন বসানো হচ্ছে বলে জানান মন্ত্রী।
এদিকে শর্ত জটিলতায় আটকে আছে রেলের ৭০টি ইঞ্জিন কেনার প্রকল্প। ট্রেনের গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন সরিয়ে ৭০টি দুই স্ট্রোক মডেলের ইঞ্জিন কেনার পরিকল্পনা নেওয়া হলেও সহসাই তা বাস্তবায়ন করা যাচ্ছে না। দরপত্রে কঠিন শর্তের কারণে রেলওয়ের ৭০টি মিটারগেজ ইঞ্জিন কেনা যায়নি। দুই দফায় আহ্বান করা দরপত্র বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এভাবে কেটেছে দুই বছর।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ৭০টি লোকোমোটিভ কেনার বিষয়ে শিগগিরই তৃতীয় দফা দরপত্র আহবান করা হবে।
২০১১ সালে সরবরাহকারী প্রতিষ্ঠান ঋণের ব্যবস্থা করবে (বিডার্স ফাইন্যান্স), এ পদ্ধতিতে ৭০টি ইঞ্জিন কেনার প্রকল্প হাতে নেয় রেল কর্তৃপক্ষ। প্রথম দফা বাতিল হওয়ার পর গত বছরের অক্টোবরে দ্বিতীয় দফা দরপত্র আহ্বান করা হয়।
এতে ইঞ্জিনের ঘূর্ণন গতিবেগ একক বা আরপিএম (রোটেশন পার মিনিট) ছাড়া আরও কিছু কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়। ফলে দরপত্রে অংশ নেওয়া পাঁচ প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাব বাতিল হয়ে যায়। এটি বাতিল করে কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি)। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে প্রথম দফা দরপত্র আহ্বান করা হয়। তখন ২৫টি কোম্পানি দরপত্র কিনলেও শর্তের কারণে মাত্র তিনটি প্রতিষ্ঠান জমা দেয়। তবে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে প্রথম দফা দরপত্র বাতিল করা হয়।
দরপত্রে ইঞ্জিনের ঘূর্ণন গতিবেগ একক বা আরপিএম নির্দিষ্ট করে দিয়ে ২০ বছরের পুরনো দুই স্ট্রোকবিশিষ্ট মডেলের ইঞ্জিন কিনতে চাইছে রেলওয়ে। বিশেষজ্ঞরা জানান, এ ধরনের ইঞ্জিন তৈরি করা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। তা ছাড়া দুই স্ট্রোকবিশিষ্ট হওয়ায় ইঞ্জিনপ্রতি বছরে ৫০ লাখ টাকার অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হবে।
রেলওয়ের তথ্যমতে, দরপত্রে ইঞ্জিনের ঘূর্ণন গতিবেগ একক (আরপিএম) নির্ধারণ করে দেওয়া হয় ৯০০ থেকে ১১০০-এর মধ্যে। কিন্তু এ রকম ইঞ্জিন জেনারেল মোটরসের কোরিয়া ইউনিট ছাড়া আর কোনো প্রতিষ্ঠানই নির্মাণ করে না। এগুলো ইএমডি-৭১০ সিরিজ ইঞ্জিন নামে পরিচিত। এ ছাড়া জার্মানির সিমেন্স ও কানাডার বোম্বারডিয়ার এ ধরনের ইঞ্জিন তৈরির সক্ষমতা রয়েছে।
রেলওয়ে দীর্ঘদিন ধরে যে ইঞ্জিন ব্যবহার করে আসছে, এ ক্ষেত্রেও সেই একই ইঞ্জিন কেনার চেষ্টা করা হচ্ছে। নতুন মডেলের ইঞ্জিন কেনা হলে রেলওয়ের
লোকজনকে তার সঙ্গে খাপ খাওয়াতে অনেক সময় লাগবে। এ ছাড়া ইঞ্জিনের কম গতিবেগ এ দেশের রেললাইনের জন্য উপযোগী, এসব প্রাক-বিশ্লেষণ থেকেই নেওয়া হচ্ছে একই ধরনের ইঞ্জিন কেনার সিদ্ধান্ত।
বেশি গতিবেগে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এমন কথা জানিয়ে একজন কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, এর আগেও বেশি আরপিএমের ইঞ্জিন কেনা হয়েছিল। তার ফল ভালো হয়নি। এ কারণে পুরনো মডেলের ইঞ্জিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তৃতীয়বার দরপত্র আহ্বানের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
পরিকল্পনা কমিশনের তথ্যমতে, ৭০টি ইঞ্জিন কেনায় ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯৪৫ কোটি ৮৯ লাখ টাকা। বিডার্স ফাইন্যান্সের আওতায় কেনা ইঞ্জিনগুলোর ঋণ-সুদসহ বাংলাদেশ সরকার পরিশোধ করবে। এর মধ্যে সম্পূর্ণ চালু অবস্থায় কেনা ৩০টি ইঞ্জিনের দাম ধরা হয়েছে ৯২৪ কোটি টাকা। সে হিসাবে ইঞ্জিনপ্রতি দাম পড়বে ৩০ কোটি ৮০ লাখ টাকা।
– See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/343017.html#sthash.LCl6GZWx.dpuf























































