শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শতাধিক প্রস্তুতিসভা, নির্মাণ হচ্ছে ৭শ তোরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৪

01.ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা টাউনহল মাঠে ২৯ নভেম্বর (শনিবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভাকে ঘিরে জেলাজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। জেলা ২০দলীয় জোট এ জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।খালেদা জিয়ার জনসভাকে ঘিরে প্রতিদিনই জেলা জুড়ে প্রস্তুতি সভা হচ্ছে, মহাসড়ক ও শহরজুড়ে তোরণ নির্মাণ কাজ চলছে, পোস্টার-ব্যানার স্থাপন, মাইকিং এবং জনসভার দিন প্রজেক্টর স্থাপনের প্রক্রিয়া চলছে।কুমিল্লার দাউদকান্দি থেকে শহর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নেওয়ার জন্য শত শত তোরণ নির্মাণ করা হচ্ছে। মহাসড়কের দু’পাশে নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে স্থানীয় নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার-পোস্টার লাগানো হয়েছে।কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু  জানান, ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার জনসভাকে সফল করার জন্য ১১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলায় প্রায় শতাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আরো প্রস্তুতি সভা হবে।তিনি আরো জানান, দাউদকান্দি থেকে কুমিল্লা শহর পর্যন্ত ২০দলীয় জোট নেতা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে প্রায় ৭ শ’ তোরণের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে বুড়িচংয়ের নিমসার থেকে কুমিল্লা শহরজুড়ে ৪৭০টি তোরণ নির্মাণ করা হচ্ছে। তোরণ নির্মাণ কাজ ২৭ নভেম্বরের মধ্যে আশা করি শেষ হবে।

তিনি জানান, জনসভার প্রচারের জন্য ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত  টানা চারদিন মহানগর জুড়ে ২২৬টি মাইক দিয়ে প্রচারণা চালানো হবে।

এছাড়া জনসভার দিন মহানগর জুড়ে ১২টি প্রজেক্টর স্থাপন করা হবে, যাতে কুমিল্লাবাসী বিভিন্ন এলাকা থেকে ভাষণ শুনতে পারেন। এর মধ্যে নগরীর ঈদগাহ মোড়ে ১টি, পুলিশ লাইন মোড়ে ১টি, রাণীর দিঘীরপাড়ে ১টি, হোটেল সালাউদ্দিন মোড়ে ১টি, রাণীরবাজার মোড় ও রাজগঞ্জ মোড়ে একটি করে প্রজেক্টর স্থাপন করা হবে।

কুমিল্লা টাউনহলে খালেদা জিয়ার জনসভার স্থান ঘিরে চারপাশে পোস্টার-ব্যানার লাগানো হচ্ছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কুমিল্লা।

দীর্ঘ ২৬ বছর পর ১১ নভেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের রাজনৈতিক বিরোধের সমঝোতা হয়। এরপর থেকে উভয়ের সমর্থকরা খালেদার জনসভাকে সফল করতে বাড়তি উদ্দিপনা নিয়ে কাজ করছে। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/343275.html#sthash.5oeQc0aN.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি