
ঢাকা, ২৪ নভেম্বর- সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় তাকে গ্রেফতারে কিছুটা জটিলতা রয়েছে বলে জানিয়েছেনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খান বলেন, ‘তাকে গ্রেফতারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে।’ তবে কবে নাগাদ তাকে গ্রেফতার করা হবে এমন প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে, বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে গতকাল রবিবার রাত ৮টা ২১ মিনিটে দেশে ফিরেছেন লতিফ সিদ্দিকী।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময় করেন লতিফ সিদ্দিকী। সেখানে হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও বিরূপ মন্তব্য করায় দেশে-বিদেশে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি। সারা দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয় এবং বেশক’টি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হাজিরা দেয়ার আদেশ জারি করেন।
পরে তাকে মন্ত্রিসভা এবং দল থেকে বহিষ্কার করা হয়।






















































