শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘কাগুজে কর্মসূচি’ আর নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃbnp_75409_0

মধ্য ডিসেম্বর থেকে বিএনপি দলীয় জোট থেকে সরকার পতনে ‘কার্যকর’ আন্দোলনের ঘোষনা দিলেও সেটির বাস্তবায়ন নিয়ে শংকিত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। এসব আন্দোলন কর্মসূচিকে ‘কাগুজে কর্মসূচি’ বলে হতাশা প্রকাশ করেছেন দলের নিবেদিত নেতাকর্মীরা।

গত শনিবার বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকে বেগম খালেদা জিয়া ডিসেম্বর থেকে তীব্র আন্দোলনের পরিকল্পনা নেয়ার নির্দেশ দেয়ার পর থেকেই দলের বিভিন্ন পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।

দলের শীর্ষ নেতারা মনে করছেন, ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতেও তাদের সাংগঠনিক অবস্থা নাজুক। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশের বাস্তবায়ন এবারও ব্যর্থ হতে পারে। তারা মনে করেন, দলকে সামনে নিতে হলে বুঝেশুনে কর্মসূচি ঘোষণা করতে হবে। এসব কাগুজে কর্মসূচি থেকে বেরিয়ে আসতে হবে।

গত শনিবার ২০ দলীয় জোটের বৈঠকে বেগম খালেদা জিয়া ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ানো এবং ৫ জানুয়ারির নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করার নির্দেশ দেন। এসময় বিএনপি দলীয় কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং জোট নেতারা জোরদার আন্দোলন সফল করতে দলের সাংগঠনিক কাঠামো যথেষ্ট শক্তিশালী নয় বলে মন্তব্য করেন বলে বৈঠক সূত্রে জানা যায়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন সিনিয়র নেতা আমাদের অর্থনীতিকে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের দ্বন্দ ও বিভাজনের কারণে দলের সাংগঠনিক কাঠামো একেবারেই অকার্যকর হয়ে পড়েছে। নেতাকর্মীরা দ্বিধা-বিভক্ত। তিনি বলেন, ‘জোট বৈঠকে দলের পরিস্থিতি আমরা ম্যাডামকে জানিয়েছি। আমরা বলেছি কাগজে কলমে কর্মসূচি দিয়ে কি লাভ? বাস্তবায়নের শক্তি অর্জন করতে হবে। এছাড়া জোট নেতারাও বলেছেন সারাদেশে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নিতে ।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত নয় বলেই তো কোন ইস্যুতে আন্দোলন জোরদার করতে পারছিনা। এরজন্য দলীয় কোন্দলই দায়ী। ‘কাগুজে কর্মসূচি’ দিয়ে কি হবে? জোট বৈঠকে বেগম জিয়া গ্যাসের দাম বাড়ানো এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কার্যকর আন্দোলনের পরিকল্পনা করার নির্দেশ দিলে নেতারা দলের অবস্থা জানান।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, শীর্ষ নেতাদের পক্ষ থেকে এসব নেতিবাচক বক্তব্যের কারণেই বৈঠকে কোন কর্মসূচি নির্ধারণ করা হয়নি। দলের পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি হাতের নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।

এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠকেও সাংগঠনিক কাঠামো নিয়ে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, বিএনপি জনগণের দল। সবসময়ই জনগুরুত্বপূর্ন ইস্যুতে আমরা মাঠে আছি। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। বিশ্ব এই নির্বাচনকে সহজভাবে মূল্যায়ণ করেনি। আর গ্যাসের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করেছে বর্তমান সরকার জনগণের সরকার নয়। জনগণের ম্যান্ডেট তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল বিএনপি। জনগণের অধিকারের প্রশ্নে অবশ্যই ডিসেম্বর থেকে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। দলের বর্তমান সাংগঠনিক কাঠামো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলন তো হচ্ছেই এবং ভবিষ্যতে আরও তীব্র হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি