রায় ঘোষণা উপলক্ষে নগরীতে একটি কমিউনিটি সেন্টার ভাড়া করে প্রায় ১০ হাজার মানুষকে খাইয়েছেন বাবর। তাদের ভুরিভোজের জন্য জবাই করা হয় চারটি পাহাড়ি গরু যা বুনো গয়াল নামে পরিচিত। জবাই করা হয় এক’শটিরও বেশি দেশি মুরগি।
মঙ্গলবার দুপুরে নগরীর নন্দনকানন বৌদ্ধমন্দির এলাকায় তিলকা গার্ডেন কমিউনিটি সেন্টারে এ ভুরিভোজের আয়োজন করা হয়। বাবর আলীর বাসাও নন্দনকানন এলাকায়। ভুরিভোজ উপলক্ষে তার বাসা থেকে তিলকা গার্ডেন পর্যন্ত সড়কে সকাল থেকে বিভিন্ন বয়সী হাজার, হাজার তরুণ-যুবকের ভিড় জমে যায়।
ভুরিভোজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত নগর যুবলীগের ইউনিট কমিটির এক নেতা বাংলানিউজকে জানান, চারটি পাহাড়ি গরু কেটে মোট ২৬ মণ মাংস হয়েছে। মুসলমানদের চিকন চালের ভাত আর গরুর মাংস দিয়ে আপ্যায়ন করা হয়েছে। অন্যান্য ধর্মালম্বীদের মুরগির মাংস দিয়ে খাওয়ানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বাংলানিউজকে বলেন, প্রায় ১০ হাজার মানুষ খেয়েছেন। পরে সেখান থেকে প্রায় দুই হাজার কর্মী নিয়ে বাবর ভাই আদালতে গেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আমি গরিব-মিসকিনদের খাইয়েছি। রায় ঘোষণা নিয়ে ভয়ে ভয়ে ছিলাম। দোয়া পাবার আশায় গরিব লোকদের খাইয়েছি। পরে আমি শ’খানেক কর্মী নিয়ে তাদের সঙ্গে বসে খেয়েছি।
এদিকে ভুরিভোজ উপলক্ষে পাহাড়ি গরু জবাই করা নিয়ে প্রশ্ন উঠেছে। বিপদাপন্ন প্রাণীর তালিকায় স্থান পাওয়া এ প্রাণীটি বুনো গয়াল হিসেবে পরিচিত। পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবানে পাবলাখালী, সাজেক ভ্যালি ও মিয়ানমারের সীমান্তসংলগ্ন পাহাড়ি বনে গয়ালের বিচরণ রয়েছে। তবে সংখ্যায় একেবারেই কম।
বুনো গয়াল জবাই করা প্রসঙ্গে জানতে চাইলে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, এগুলো পাহাড়ি গরু। বান্দরবানে পাওয়া যায়। আমি সাতকানিয়ার কেরাণিহাট গিয়ে চারটি গরু কিনে এনেছি। গরুগুলো দেখতে বড় তো, সেজন্য সবাই গয়াল বলছে।
তিনি বলেন, গরুগুলোতে কোলস্টেরল নাই। এজন্য আমি সবসময় পাহাড়ি গরু পছন্দ করি। আমার দাওয়াতে কোলস্টেরলযুক্ত গোশত খেয়ে কেউ যদি মারা যায়, তখনও তো আবার আমার বিরুদ্ধে লিখবেন।
মঙ্গলবার দুপুর ২ টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে যুবদল কর্মী আজাদ আলী খান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। ১৯ বছর আগের এই মামলায় বাবরসহ ১০ আসামির সবাই বেকসুর খালাস পান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আদালতে গিয়ে দেখা গেছে, চোখে কাল সানগ্লাস পরিহিত বাবর আদালতের তিনতলার এক কোণায় বসে আছেন। তাকে ঘিরে আছে শতাধিক তরুণ ও যুবক। মাঝে মাঝে কয়েকজনকে ডেকে বাবর কানে কানে কথা বলেন।
ঠিক ১১ টার সময় আদালতের কর্মকর্তারা জানান, ২টায় রায় ঘোষণা হবে। সেটা শুনে কালো জিপে করে বাবর আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এর ঘণ্টা দেড়েক পর তিনি আবারও আদালতে যান। বাবরের আসা-যাওয়ার পথে তাকে বহনকারী কালো জিপের সামনে পেছনে দু’টি মাইক্রোবাস দেখা গেছে। এছাড়া একাধিক মোটর সাইকেলও সামনে-পেছনে তাকে অনুসরণ করে। সব মিলিয়ে প্রায় অর্ধশত যুবকের নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন বাবর।
দুপুর ২টায় রায় ঘোষণার পর বাবরকে সামনে রেখে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিতে দিতে তিনতলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে নেমে আসেন। প্রায় হাজারখানেক তরুণ-যুবক মিছিল করে তাকে নিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে।
হাজারখানেক তরুণ-যুবক নিয়ে আদালতে যাওয়া প্রসঙ্গে বাবর বলেন, আমি আদালতে যাব শুনে তারা সবাই গেছে। আমি কাউকে যেতে বলিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবরের সঙ্গে আদালতে যাওয়া তরুণ-যুবকরা নগরীর নন্দনকানন, হাজারি লেইন, দেওয়ানবাজার, পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, বদরপাতি, জেল রোড, বাকলিয়া, জিইসি মোড়, ষোলশহর, জামালখান, চকবাজার এলাকার। বাবরের অনুসারীরা তাদের ভাত খাওয়ানোর জন্য তিলকা গার্ডেন কমিউনিটি সেন্টারে নিয়ে যান। সেখান থেকে বেছে বেছে নেয়া হয় আদালতে।
এদিকে আদালতে যাওয়া তরুণ-যুবকদের কেউ কেউ অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই। কিন্তু পুলিশ বাবরের মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালত জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
নগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপ কমিশনার কাজী মুত্তাকিম মিনান বাংলানিউজকে বলেন, আদালতের নিয়মিত ফোর্সের বাইরে ৬০ জনের একটি অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছিল। কয়েক’শ যুবক শোডাউন দিয়েছিল। তবে আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার মত কোন কাজ তারা করেনি।
এদিকে রায় ঘোষণার পর আদালত থেকে হেলাল আকবর চৌধুরী বাবর সরাসরি নিহত যুবদল কর্মী আজাদ আলী খানের নগরীর বদরপাতি এলাকার বাসায় যান। সেখানে আজাদ আলী খানের মেয়ের খোজখবর নেন বাবর।
তবে আজাদ আলী খানের পরিবারের সদস্যরা কেউ মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন না।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ূব খান বলেন, নিহতের পরিবার কখনও আমার সঙ্গেও যোগাযোগ করেননি। তাদেরকে এ মামলা নিয়ে কখনও আগ্রহী দেখা যায়নি।
নিহতের বাসায় যাওয়া প্রসঙ্গে বাবর বলেন, যখন ঘটনা ঘটে মেয়েটি অনেক ছোট ছিল। এখন বড় হয়েছে। মেয়েটিকে আমি ভাতিজি ডেকেছি। মানবিক বিষয়, সেজন্য গিয়েছিলাম।
বাবরের সঙ্গে খালাস পাওয়া চাঞ্চল্যকর এ মামলার আসামিরা সবাই আশি ও নব্বইয়ের দশকজুড়ে চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতিতে অধিষ্ঠিত ছিল। নগরীর ওমরগণি এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের নেতা হেলাল আকবর চৌধুরী বাবর তখন ‘বাবর আলী’ নামে চট্টগ্রামজুড়ে পরিচিত ছিল। নগরীর নন্দনকাননসহ আশপাশের এলাকায় বাবর আলী ছিল মূর্তিমান আতংক।
এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকা সুনীল দে-ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল। পুলিশের দেয়া তথ্যমতে, বর্তমানে ভারতের কোলকাতায় পালিয়ে আছে এ সন্ত্রাসী।
মফিজুর রহমান দুলু, সুরজিৎ বড়ুয়া লাভুসহ বাকি আসামিরাও বাবর-সুনীলের অনুসারী সন্ত্রাসী হিসেবে চট্টগ্রামবাসীর আতংক ছিল। সুরজিৎ বড়ুয়া লাভু মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমল থেকে শুরু করে প্রায় এক দশক থাইল্যান্ডে পালিয়ে থাকার পর সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০০৯ সালে দেশে ফিরে আসেন বাবর। এরপর রেলওয়ের টেন্ডারবাজি নিয়ন্ত্রণ শুরু করেন।
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী বাবর কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। চট্টগ্রামে রেলওয়ের টেন্ডারবাজি নিয়ে গোলাগুলিতে শিশুসহ দু’জন নিহতের জেরে বাবরকে বহিস্কার করা হয়।
২০১৩ সালের ২৪ জুন বেলা পৌনে ১২টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় কোটি টাকার টেন্ডারকে কেন্দ্র করে নগরীর সিআরবি এলাকার সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়। নিহতরা হল, সাজু পালিত (২৮) ও আরমান হোসেন (৮)।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির তৎকালীন সদস্য হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাইফুল ইসলাম লিমনের ক্যাডারদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ বাবর ও লিমনসহ এ মামলার ৫২ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া ঘটনার পর সাইফুল আলম লিমনকে ছাত্রলীগ থেকে এবং বাবরকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে বাবর ও লিমনসহ প্রায় সব আসামিই জামিনে মুক্তি পান।
এ প্রসঙ্গে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, রেলওয়ের ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। শুধু শুধু আমাকে ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।
যুবলীগ থেকে তার বহিস্কারাদেশ প্রত্যাহার হয়েছে দাবি করে বাবর বলেন, সাংবাদিকরা আমাকে শীর্ষ সন্ত্রাসী লিখেন। আমাকে সন্ত্রাসী বানিয়ে কেন আমার সুন্দর জীবনটা ধ্বংস করা হচ্ছে ? আমার হাতে তো কোন রক্তের দাগ নেই। আপনারা যখন আমাকে সন্ত্রাসী লিখেন তখন আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করে।


























































