শুক্রবার,১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের মানুষের গায়ে- খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৪

KHALEDA ZIA

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা টাউনহল মাঠে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা বেগম খালেদা জিয়া তার ভাষণে সরকারের সমালোচনা করাসহ কঠিন হুশিয়ারি প্রদান করলেও সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের রূপরেখা ঘোষণা করেননি। শুধু জনতাকে প্রস্তুত থাকার জন্য বললেন। বেগম খালেদা জিয়ার ভাষণের বিভিন্ন অংশ নিয়ে নি¤েœর এই প্রতিবেদন।

ক্ষমতা ছাড়লে জনগণ পিষে ফেলবে
ক্ষমতা ছাড়লে জনগণ আওয়ামী লীগকে পিষে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার টাউন হল ময়দানে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, মাঠে-ঘাটে এখন লাশ পাওয়া যাচ্ছে। দেশের ইতিহাসে এতো লাশ আগে কখনো পাওয়া যায়নি। লাশ পাওয়ার এমন ঘটনা স্বাধীনতার সময় হয়েছিল। এখন খুনিরা এক হয়েছে। এক খুনির সঙ্গে যোগ হয়েছেন আরেক খুনি এরশাদ। তিনি জিয়াকে খুন করেছেন। নুর হোসেনকে খুন করেছেন। তারা এ খুন-গুম-অপহরণ করে চলেছে এ কারণে যে- তারা জানে ক্ষমতা ছাড়লে জনগণ তাদের ছাড়বে না, পিষে ফেলবে, পিষে ফেলবে। কিছু রাখবে না।

জনগণের সেবক হয়ে অত্যাচার করবেন না
বিএনপি প্রধান আইন-শৃঙ্খলা বাহিনীকে অভিযুক্ত করে বলেন, পুলিশকেও আইন মেনে চলতে হবে। তারা আইনের ঊর্ধ্বে নয়। তারাও গুম করে চলেছে। গড়ে প্রতি মাসে একশ’ পুলিশ অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আমি সব পুলিশের কথা বলছি না। একটি বিশেষ জেলার পুলিশ মনে করে, আমরা যত অপরাধ করি না কেন সব অপরাধ মাফ হয়ে যাবে। মনে রাখবেন, আপনাদের যেমন ছেলে-মেয়ে-ভাই আছে, যাকে খুন-গুম করছেন তারও ছেলে-মেয়ে-ভাই আছে। পুলিশকে বলবো, আপনারা জনগণের সেবক। জনগণের ওপর অত্যাচার করবেন না। আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আইন মেনে কাজ করুন।

 

 

কন্ট্রাক্ট কিলিংয়ে ডিবি
এসময় গোয়েন্দা বাহিনী ডিবিকে কন্ট্রাক্ট কিলিংয়ের জন্যও অভিযুক্ত করেন খালেদা জিয়া। তিনি বলেন, ডিবি কন্ট্রাক্ট কিলিংয়ের দায়িত্ব নিয়েছে। ধরে নিয়ে যাচ্ছে, টাকা দিলে ছেড়ে দিচ্ছে, নইলে খুন করছে।
সারাবিশ্ব র‌্যাব বাতিলের দাবি করছে
সারা বিশ্বে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব বাতিলের দাবি উঠেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য র‌্যাব গঠন করা হয়েছিল। আমরা ক্ষমতায় থাকতে এই র‌্যাব সন্ত্রাসী-জঙ্গি গ্রেফতার করেছে। দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। সেই র‌্যাব এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে তাদের ব্যবহার করা হয়েছে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসানকে না ধরা পর্যন্ত গুপ্ত হত্যা বন্ধ হবে না। তিনি বলেন, সারা পৃথিবী আজ দাবি করেছে অবিলম্বে র‌্যাব বাতিল করতে হবে। র‌্যাব এখন মানুষ গুম-খুন করার বাহিনীতে পরিণত হয়েছে। যত দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন রয়েছে তারাও একই দাবি জানিয়েছে। র‌্যাবকে আর জনগণের ক্ষতি করতে দেওয়া যায় না না।
খুন-গুম-অপহরকারীদের প্রশিক্ষণ-সরঞ্জাম দেবেন না
যেসব বাহিনী মানুষ হত্যা-গুম-অপহরণে জড়িত তাদের কেনো প্রশিক্ষণ না দিতে বিদেশিদের প্রতি অনুরোধ জানিয়ে খালেদা বলেন, যারা মানুষ খুন করছে, গুম করছে, তাদের বিদেশে নেওয়া বন্ধ করুন। এদের প্রশিক্ষণ দেবেন না, টিয়ার গ্যাস দেবেন না, সরঞ্জামাদি দেবেন না।
সব লীগের কাজ এখন টেন্ডারবাজি, জমি দখল
বিএনপি প্রধান বলেন, আজ তারা গণতন্ত্র-উন্নয়নের কথা বলে। আসলে কোথাও গণতন্ত্রও নেই, উন্নয়নও নেই, সেটা পত্রিকার খবরেই দেখা যাচ্ছে। যত লীগ আছে, সব লীগের কাজ এখন জমি দখল করা, টেন্ডারবাজি করা। এটা আমার কথা নয়, দৈনিক যুগান্তরের খবর। প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা রাজপথে হামলা চালায়, কিন্তু তাদের ধরা হবে না। এরা মানুষ খুন করতে পারবে, সেই লাইসেন্স তাদের দেওয়া আছে। এখন নিরাপত্তার দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশ। শেখ হাসিনার কাছে জাতি জানতে চায়, কীভাবে এদের হাতে অস্ত্র যায়? কেন এদের গ্রেফতার করা হয় না? জবাব দিতে হবে।
সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা
সম্প্রচার নীতিমালা করে গণমাধ্যম নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে মন্তব্য করে খালেদা বলেন, তারা যতো অন্যায় করুক সেসব যেন না লেখা হয়, এ জন্য এ নীতিমালা।
নিরপেক্ষ বিচারের পথ বন্ধে অভিশংসন আইন
বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার আইন করে বিচারকদের নিরপেক্ষভাবে বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, এই আইন পাশ করলেও তা বৈধতা পাবে না। এই আইন এজন্য করা হয়েছে, যেন শেখ হাসিনা যা বলবেন তাই শুনতে হবে। তারা নিজেদের মামলা তুলে নিয়েছে, আর আমাদের মামলাগুলো রয়ে গেছে, উপরুন্ত আমাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হয়েছে। আমাদের সরকারে যারা মন্ত্রী ছিল তাদের নামে গাড়ি চুরির মামলা দেওয়া হচ্ছে। কেন নিজের (শেখ হাসিনা) মামলা উঠিয়ে নিলেন? নিরপেক্ষ বিচার হলে দেখতাম আপনার কতো সাহস। আমি কোনো অন্যায় করিনি, আমার পরিবার কোনো অন্যায় করেনি। খালেদা জিয়া বলেন, সারাদেশে বিএনপির জনসভায় মানুষের ঢল নামছে, মানুষ বিএনপির পক্ষে সমর্থন জোরদার করছে। তাই জনগণের দাবি আরও জোরালো হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। কিন্তু তাদের (আওয়ামী লীগ) সেই সাহস নেই।
গোমর ফাঁস করেছেন তাদের ইমাম
এইচ টি ইমাম তাদের গত ৫ জানুয়ারির নির্বাচনের গোমর ফাঁস করে দিয়েছেন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, তাদের ইমাম গোমর ফাঁস করে দিয়েছেন, এইচ টি ইমাম। আওয়ামী লীগের পক্ষে নির্বাচনের দায়িত্ব ছিল এইচ টি ইমামের। তিনি সব তথ্য ফাঁস করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন- কীভাবে নির্বাচনে কারচুপির সব ব্যবস্থা করেছিলেন তারা। খালেদা ক্ষোভ প্রকাশ করে বলেন, এত কথা বলার পরেও এইচ টি ইমাম ও তার আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। পাকিস্তান আমলে দুর্নীতির অভিযোগে তার চাকরি গেছে। এখন তিনি আবারও দায়িত্ব পালন করছেন সরকারের। যত শয়তানি আর কুবুদ্ধির মাথা তিনি।
অবৈধ সংসদের আইন পাশ করার অধিকার নেই
৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, জনগণ সেই ভোট বর্জন করেছিল। নির্বাচন কমিশন কোনো হিসাব মেলাতে পারেনি। কোনো লোক ভোট কেন্দ্রে যায়নি। কেন্দ্রে কুকুর শুয়েছিল। পত্রপত্রিকায় এই চিত্র দেখা গেছে। কোনো নির্বাচন ছাড়াই সংসদ গঠন করা হলো। বর্তমান সংসদ সম্পূর্ণ অবৈধ। এখান থেকে কোনো আইন পাশ করার অধিকার নেই।
সরকার ব্যর্থ, অর্থমন্ত্রীই স্বীকার করেছেন
বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ যাদের ব্যাংকে চাকরি দিয়েছে তারাই লুট করেছে। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করে বলেছেন তারা ব্যর্থ হয়েছেন। ব্যর্থ সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার থাকতে পারে? তারা ব্যাংকের টাকা লুটে নিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এই লুটপাট চালিয়ে যাচ্ছে।
গার্মেন্টস শিল্প ধ্বংস করে দিয়েছে আ.লীগ
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানই গার্মেন্টস শিল্পকে বিশ্বদরবারে প্রতিযোগী করে তুলেছিলেন উল্লেখ করে খালেদা বলেন, সে সময় (জিয়ার শাসন) এবং আমরা ক্ষমতায় থাকতে অনেক কর্মসংস্থান হয়েছে। কিন্তু এ সরকার এসব এখন বন্ধ করে দিচ্ছে। গার্মেন্টস শিল্পে আগে ছিলাম বিশ্বে দুই নম্বর, এখন চার নম্বরে। তাদের (আওয়ামী লীগ) সময়ে ভাল কিছু হয় না। লুটপাট আর অত্যাচার হয়।
আ.লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়
বিএনপি প্রধান বলেন, ক্ষমতায় থাকতে আমরা কিছু উন্নয়ন করেছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর উন্নয়ন করে নাই। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তারা জনগণের কল্যাণে, উন্নয়নে, গণতন্ত্রে বিশ্বাস করে না। জাসদের একজন নেতাই বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের এবং গণতন্ত্রের পক্ষের দল নয়। তারা মুক্তিযুদ্ধ করেনি।
বিনিয়োগ কমে গেছে ৮২ ভাগ
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের কার্যকলাপ দেখলে দেশের মানুষ চিন্তিত হয়ে পড়ে। সারাদেশে উন্নয়ন নেই, তারা বলে গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হবে। উন্নয়নের নামে লুটপাট চলছে। দেশের অবস্থা অত্যন্ত খারাপ। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, দেশের অর্থনীতিতে স্থবিরতা এসেছে। কোনোভাবেই তা কাটছে না। ঘরে ঘরে চাকরি দেবে বলেও দেয়নি। এক মাসে কর্মসংস্থান করেছে ১৯ শতাংশ, আর বিদেশি বিনিয়োগ কমে গেছে ৮২ ভাগ। সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ২০ দলীয় জোটনেতা বলেন, এমন নির্বাচন দিতে হবে যেখানে জনগণ যাদের ভোট দিয়ে আনবে, তারাই ক্ষমতায় থাকবে।
খুব তাড়াতাড়ি তাদের পতন হবে
তারুণ্যের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ তোমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। বর্তমান তরুণরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগের ছেলেরা মাদক ব্যবসা করে ধরা পড়ছে। তথাকথিত এমপি বদি মাদকের ব্যবসা করতো, তাকে জামিন দিলো। একজন চোরাকারবারীকে কেন জামিন দেওয়া হলো। চোরদের ছেড়ে দিচ্ছে সরকার। আর বিএনপি ও ২০ দলের নেতাদের জেলে রাখছে। এভাবে ক্ষমতায় থাকা যাবে না। খুব তাড়াতাড়ি তাদের পতন হবে।
পিলখানা হত্যাকাণ্ডে দায়ী কে?
পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, শেখ হাসিনা ক্ষমতায় বসার পরে পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছে তার জন্য দায়ী কে? তিনি সেখানে ডিনারের দাওয়াত পেয়েছিলেন, কিন্তু যাননি। এর আগে কখনও এই ধরনের দাওয়াত বাতিল করেননি। আমাদের ৫৭ জন অফিসারকে হত্যা করা হলো। সেনাপ্রধান স্বীকার করেছেন, দায়িত্ব পালন করতে পারেননি তারা। সেনাপ্রধান কী বলেছিলেন তা কোট করে বলছি, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সেনা পাঠাতে পারিনি’। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? সেদিন সেনাবাহিনী অনুমতি পেলে এতো অফিসার মারা যেতো না।
আমরা জেএমবি ধরায় আ’লীগ রাগ করেছিলঃ
আওয়ামী লীগের ৯৬-২০০১ মেয়াদে বোমাবাজি করা সন্ত্রাসীদের বিএনপি ক্ষমতায় এসে গ্রেফতার করে উল্লেখ করে খালেদা বলেন, আমরা শায়খ আব্দুর রহমানকে সিলেট থেকে জীবিত অবস্থায় ধরেছি। তাদের রাগ ছিল কেন ধরেছি তাকে। যত শীর্ষ সন্ত্রাসী ছিল তাদের আমরা গ্রেফতার করেছি। আওয়ামী লীগের সময়ে যত বোমাবাজি হয়েছে তার সঙ্গে এসব শীর্ষ সন্ত্রাসীরা জড়িত ছিল।
আ.লীগের আমলে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়
আওয়ামী লীগের আমলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের মানুষই নিরাপদ নয় মন্তব্য করে বিএনপি প্রধান বলেন, আওয়ামী লীগ দাঁড়ি-টুপি দেখলেই লোকজনকে জঙ্গি বলে দেয়। যারা ইসলামের বিপক্ষে কাজ করে, ধর্ম মানে না, তাদের নিয়ে আওয়ামী লীগ কাজ করে। শাপলা চত্বরে যাদের হাতে তসবিহ-জায়নামাজ ছিল তাদের রাতের আধারে লাইট নিভিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে। এরা কীভাবে মুসলমান হয়। হিন্দুদের জায়গা জমিও দখল করেছে তারা। রামুতে হামলা চালিয়েছে। সব পত্রপত্রিকার খবর।
দেশরক্ষা করতে চাইলে আন্দোলনের বিকল্প নেই
নেতাকর্মীদের প্রশ্ন করে খালেদা বলেন, আপনারা কি দেশটা রক্ষা করতে চান? তাহলে আন্দোলন ছাড়া বিকল্প কিছু নাই। ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে হবে। ক্ষমতা আমার কাছে বড় নয়। দেশের মানুষকে বাঁচাতে চাই। ক্ষমতায় এলে দেশের উন্নয়নের স্বার্থে যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নতুন নির্বাচনের দাবিতে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী।

আন্দোলন কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে হবে
বক্তৃতার শেষ দিকেও কুমিল্লাবাসীর প্রশংসা করেন বিএনপি নেত্রী। তিনি বলেন, আমরা যখনই আন্দোলনের ডাক দিই, কুমিল্লা পিছিয়ে থাকে না, এবারও যেন পিছিয়ে না থাকে। আমি চাই জালেম-খুনি অত্যাচারী সরকারকে সরাতে কুমিল্লাবাসী আমাদের কর্মসূচিতে দলে দলে যোগ দেবেন। আমরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে, ঘরে ঘরে শান্তির বাতাস বইবে। আওয়ামী লীগকে বর্জন করুন আমরা নতুন করে দেশের সমৃদ্ধির জন্য এগিয়ে আসবো।
খন্দকার মোশাররফ ও কায়কোবাদের মুক্তির দাবিঃ
কারাবন্দি কুমিল্লার সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বক্তৃতা শেষ করেন ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া।
৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নিঃ
৫ জানুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি উল্লেখ করে খালেদা জিয়া বলেন, জনগণ সেই ভোট বর্জন করেছিল। নির্বাচন কমিশন কোনো হিসাব মেলাতে পারেনি। কোনো লোক ভোট কেন্দ্রে যায়নি। কেন্দ্রে কুকুর শুয়ে ছিল। পত্রপত্রিকায় এই এই চিত্র দেখা গেছে। কোন নির্বাচন ছাড়াই তাদের সংসদে ঢোকানো হলো করা হলো। বর্তমান সংসদ সম্পূর্ণ অবৈধ।
এই সরকারের নীতি হলো দুর্নীতি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের নীতি হলো দুর্নীতি। তারা লুটপাট ছাড়া কিছুই বুঝে না বলে মন্তব্য করেছেন । আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা সারাক্ষণ দুর্নীতি ও লুটপাটের চিন্তা নিয়েই ব্যস্ত। তারা দেশের উন্নয়নের চিন্তা করবেন কখন। আমার ক্ষমতায় থাকার সময় কুমিল্লায় যে উন্নয়ন করে গিয়েছিলাম তা আজ ওইখানেই সীমাবদ্ধ রয়েছে। আমরা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কুমিল্লায় কোন উন্নয়ন হয়নি।
দুর্নীতি দমন কমিশন নয়, তা হলো সরকারের দায়মুক্তি কমিশন
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব খতিয়ে দুর্নীতি বের করলেও পরে সরকারের চাপের মুখে তা প্রমাণ করতে ব্যর্থ হয়। আসল কথা হলো কি এটা দুর্নীতি দমন কমিশন নয়, তা হলো সরকারের দায়মুক্তি কমিশন। তাই বলছি দেশে এক দলীয় শাসন চলছে। এদেশে গণতন্ত্র বলতে কিছু নেই।
কুমিল্লার আতিথেয়তায় খুশি খালেদা
কুমিল্লাবাসীর আতিথেয়তায় বেজায় খুশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া বলেন, আপনারা এমন সংবর্ধনা দিয়েছেন যেটা আর কখনো দেখিনি। কুমিল্লার এমন ঐতিহ্য আছে। এখান থেকে অনেক খ্যাতিমান নেতা ও লোক তৈরি হয়েছেন। তিনি বলেন, আমরা ক্ষমতায় থাকতে কিছু উন্নয়ন করেছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আর কোনো উন্নয়ন হয়নি। ক্ষমতায় আসার সুযোগ পেলে কুমিল্লাকে আধুনিক শহরের রুপান্তরিত করার মনোবাসনার কথাও জানান খালেদা। খালেদা পল্টন, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও, মুরাদনগর, দাউদকান্দি হয়ে বেলা পৌনে ২টার দিকে কুমিল্লা সার্কিট হাউজে পৌঁছান। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল সোয়া ৩টার দিকে জনসভা মঞ্চে পৌঁছে প্রধান অতিথির আসন নেন। ছয় বছর পর কুমিল্লায় খালেদা জিয়ার সফর উপলক্ষে যাত্রাপথের বিশেষ বিশেষ স্পটে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি