ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় বিকেল ৪টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হামজাহ জইনুদ্দিন, মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান।
এর আগে বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অগ্রসরমান দেশ মালেশিয়ার সঙ্গে বাণিজ্য, বন্ধুত্ব আর শ্রম সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে এই সফরে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।























































