ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্ত্রীর মার্কিনবিরোধী মন্তব্যে অস্বস্তিবোধ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনীতিকদের মতে এর ফলে সম্পর্কের অবনতি যদি নাও হয়,সম্পর্কের উন্নতি হবে না।
‘আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার সাথে সম্পর্কের উন্নতি করা। কিন্তু, এই ধরনের মন্তব্য সম্পর্ক উন্নতির ক্ষেত্রে বড় অন্তরায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা বলেন।
গতমাসের শেষ দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফরের সময় স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম খুলনায় এক সভায় দেশাইকে ‘দুই আনার মন্ত্রী’ বলে মন্তব্য করেন। একই সভায় তিনি বাংলাদেশে মার্কিন দূত ড্যান মজিনাকে ‘কাজের বেটি মজিনা’ বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কেয়ামত পর্যন্ত আমেরিকা জিএসপি বিষয়ে শর্ত দিয়ে যাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাটি বলেন, এই মন্ত্রীদের মার্কিন সরকারের মুখোমুখি হতে হয়না বা আলোচনা করতে হয়না, কিন্তু আমাদের আলোচনার টেবিলে বসতে হয়। এধরনের মন্তব্য সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের অবস্থানকে দুর্বল করে দেয়।
নিশা দেশাই এর সফর প্রসঙ্গে কর্মকর্তাটি বলেন, মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য নেপাল সফর করে ঢাকায় আসেন। নিশা বাংলাদেশে না এসে অন্য দেশেও যেতে পারতেন। কিন্তু, তিনি ঢাকায় এসেছেন কারণ অক্টোবর মাসে আমরা একটি সফল পার্টনারশিপ ডায়ালগ করতে পেরেছি।
অক্টোবর মাসে পররাষ্ট্রসচিব পর্যায়ে বাংলাদেশ-মার্কিন তৃতীয় পার্টনারশিপ ডায়ালগ অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব এম শহিদুল হক। মার্কিন পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান। ডায়ালগে সিদ্ধান্ত হয় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শীঘ্রই ওয়াশিংটন সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিক বলেন, এধরনের মন্তব্য এই সফরের ওপর কোনও প্রভাব ফেলবে না কারণ মার্কিন সরকার এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু, মাহমুদ আলী যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করবেন তখন মন্ত্রীদের প্রকাশ্যে মার্কিনবিরোধী মন্তব্যের বিষয়টি আলোচিত হতে পারে। এই আলোচনা বাংলাদেশের জন্য সুখকর হবেনা।
নিশা দেশাই এর সঙ্গে বৈঠকের সময় মাহমুদ আলীর ওয়াশিংটন সফরের বিষয়টি আলোচিত হয়। ধারণা করা হচ্ছে আগামী ফেব্র“য়ারী মাসে তিনি ওয়াশিংটন সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানুয়ারি মাসে ভারত সফর করবেন। তার সফরের পর পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন যাবেন।
এদিকে ড্যান মজিনার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ী সাক্ষাত প্রসঙ্গে কর্মকর্তাটি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এই সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়েছে। ড্যান মজিনা এর আগে কয়েকবার চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সাক্ষাত পাননি। মজিনা এই মাসের শেষের দিকে ঢাকা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
নিশা দেশাই গতমাসে এক সংবাদ সম্মেলনে মজিনার প্রশংসা করে বলেন রাষ্ট্রদূত প্রকৃতভাবে বাংলাদেশের বন্ধু। এমন কোনও সপ্তাহ নাই যে সপ্তাহে তিনি মজিনার কাছ থেকে সম্পর্কোন্নয়ন বা নতুন ক্ষেত্রে সহযোগিতার জন্য কোনও প্রতিবেদন পাননি। নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টেফান ব্লুম বারনিক্যাট ইতিমধ্যে সিনেটের অনুমোদন পেয়ে গেছেন। তিনি ফেব্র“য়ারি মাসে ঢাকায় আসতে পারেন।























































