সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


শর্তে চালু হতে পারে দিগন্ত ও ইসলামিক টিভি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৪

Logo

ডেস্ক রিপোর্ট :

সরকারের দেওয়া শর্ত মেনে নিলে ফের চালু হতে পারে সম্প্রচার বন্ধ থাকা দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন। ‘সরকারের বিরুদ্ধে’ সংবাদ প্রচারের অভিযোগে এই দুটি বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়। এরপর টেলিভিশন দুটির কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করে।

সূত্র জানায়, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সবসময় গণমাধ্যম দুটি খুলে দেওয়ার পক্ষে ছিলেন। এখনও রয়েছেন। তবে সরকারের একটি মহল চাচ্ছে না দুটি টেলিভিশন চ্যানেল আবার চালু হোক।

তবে একটি সূত্র জানিয়েছে, এই দুটি টেলিভিশনের ব্যাপারে তথ্য মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব পোষণ করছে। সেই সঙ্গে তারা এটাও বিবেচনা করছে যে, আগামীতে সরকারের বিরুদ্ধে যাতে কোনো সংবাদ পরোক্ষ, প্রত্যক্ষ সম্প্রচার এ দুটি গণমাধ্যম করতে না পারে সে ব্যাপারে কঠোর শর্ত দেওয়া প্রয়োজন। সংবাদ ছাড়া অন্যান্য অনুষ্ঠানের ব্যাপারেও সরকারের বিরুদ্ধে কোনো কিছু প্রচার নিয়ে কঠোরতা থাকবে। সরকারের সাফল্যের পাশাপাশি ইতিবাচক সংবাদ প্রকাশেরও শর্ত দেওয়া হতে পারে। তবে এসব শর্ত ভঙ্গ করলে চ্যানেল দুটি ফের যে কোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে বলেও জানিয়ে দেয়া হবে।

সূত্র জানায়, দিগন্ত টেলিভিশনের চেয়ারম্যান মীর কাশেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এখন তিনি উচ্চ আদালতে লড়ছেন। তবে সরকার চাচ্ছে না তার মতো কেউ ওই টিভিতে চেয়ারম্যান থাকুক। এই কারণে সেখানেও কিছু পরিবর্তনের শর্ত দেওয়া হতে পারে। এছাড়াও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো শক্তি হিসাবে পরিচিত কেউ সেখানে থাকতে পারবে না। এসব বিষয়ও নিশ্চিত করা হবে।

সূত্র জানায়, সরকার দিগন্ত টিভি খুলে দেবে বলে আমরা আভাস পেয়েছি। সেখানে আমাদেরকে কিছু শর্ত দেওয়া হতে পারে। সেই সব শর্ত মেনেও নিতে হতে পারে। আমরা চাচ্ছি, টিভি চ্যানেলটির সম্প্রচারের ওপর সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা তুলে নিক।

টেলিভিশটি কবে নাগাদ চালু হতে পারে, এই ব্যাপারে জানতে চাইলে ওই সূত্র জানায়, এখনও দিনক্ষণ বলতে পারছি না। তবে আলোচনা চলছে। সব আলোচনা ইতিবাচক হলে দিগন্ত টিভি শিগগিরই চালু হতে পারে।

ইসলামিক টেলিভিশনের চেয়ারম্যান মেজর (অব.) সাঈদ এস্কান্দারের স্ত্রী মিসেস নাসরীন এস্কান্দার বলেন, ‘আমরা চাই সরকার আমাদের টেলিভিশন চ্যানেলটি খুলে দিক। গণমাধ্যম বন্ধ করে রেখে সরকারের খুব একটা লাভ হবে না। ইসলামিক টেলিভিশন বন্ধ রেখেছে বলে সরকারের বিরুদ্ধে প্রচার তো বন্ধ নেই। আমরা আশা করছি, সরকার আমাদের টেলিভিশন চ্যানেলটি খুলে দেবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি