
এম শহিদুল ইসলাম : যতটা না বিজয়ের, তার চেয়ে বেশি দুঃখ ও হারানোর মাসে পরিণত হয়েছে ডিসেম্বর। বিজয় উদযাপনে মিলিত হয়েছে কষ্টের ঢেউ। হঠাৎ চলে গেলেন খ্যাতিমান শিল্পী কাইয়ুম চৌধুরী ও সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী। বিজয়ের মাসের শুরুতে যোগ হলো কিছু তীব্র কষ্ট।
এ কষ্টের পর আর কী কষ্ট আছে কে জানে!
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে কড়া সর্তকবার্তা দিয়েছেন; বলেছেন, দেশ এখন গণঅভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে। এরপরই ২৯ নভেম্বর কুমিল্লায় বিশাল জনসভা হলো বিএনপি ও এর মিত্রদের ব্যানারে। অভূতপূর্ব জনসমাগম হলো সমাবেশে। খবরে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনতে সেখানে জড়ো হয়েছিল প্রায় দশ লাখ মানুষ। ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে না পারা মানুষ খালেদা জিয়ার কিছু নির্দেশনা শুনতে সেখানে ‘অন্যরকম কিছুর আশায়’ জড়ো হয়েছিলেন।
কুমিল্লার সমাবেশ যে সফল ছিল, তাতে সন্দেহ নেই। একই সময়ে হবিগঞ্জে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ফলাও করে প্রচার করে যদিও এর সাফল্য কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল, সেই চেষ্টা সফল হয়নি। খালেদা জিয়ার বক্তব্যে ‘সুনির্দিষ্ট’ কিছু যদিও ছিল না; উপস্থিত সমাবেশকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগিরই আন্দোলন হবে বলে জানালেন।
এখন গল্প-গল্প খেলা চলছে। রাজনীতিতে এ পর্যন্ত ইতিবাচক কিছু দেখছি না আমরা। মামলায় পর্যুদস্ত করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অর্ফানেজ মামলায় তিনি এখন ‘দিশেহারা’। মানসিক নির্যাতন তো চলছেই।
খালেদা জিয়ার মামলা সংক্রান্ত একটি রিভিউ আবেদন খারিজ হয়েছে। এখন শুধু ভেন্যু পরিবর্তন করে মামলার কার্যক্রমকে বিলম্বিত করতে পারেন খালেদা জিয়া। এ বিষয়ে আরেকটি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিদ্ধান্ত অনুকূলে আসবে ভাবা কঠিন; নিশ্চিতভাবে তিনি দোষী সাব্যস্ত হবেন। এরপর যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি।
মামলা-মানসিক নির্যাতন মিলিয়ে খালেদা জিয়ার অবস্থা যখন ত্রাহিত্রাহি, সে সময়ই হুংকার দিলেন প্রধানমন্ত্রী। যেদিন খালেদা জিয়া বক্তব্য রাখলেন কুমিল্লায়, সেদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জের বক্তৃতায় বললেন, ‘খালেদাকে বিচারের মুখোমুখি করা হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই নিম্ন আদালতে সাক্ষ্য শুরু হলো। তাই প্রধামন্ত্রীর বক্তব্যটা এখানে বেশ গুরুত্বপূর্ণ। বলা হয়, বাংলাদেশে নিম্ন আদালতগুলো সাদামাঠাভাবে রাষ্ট্রের নির্বাহী অঙ্গ। অভিযোগ করা হয়, বেশির ভাগ সময় আদালতগুলো ইশারায় পরিচালিত হয়। রাজনৈতিক মামলাগুলোর ব্যাপারে তো কথাই নেই।
হবিগঞ্জে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যে কথাগুলো বললেন, তাতে ঘৃণা ঝরে পড়ছিল। ভেংচি কেটে, মুখ বাঁকিয়ে এমন সব অভিযোগ তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে আনলেন, তাতে যে কেউ মনে করতে পারে যে, মাউথ ওয়াশ ব্যবহার করে প্রধানমন্ত্রীর মুখ পরিচ্ছন্ন করা দরকার।
ক্রমবর্ধমান গ্লাসে ঢাকা অট্টালিকা ও বড় থেকে আরো বড় হওয়া হাইওয়ে- এসব কিন্তু রাজনীতির বিশ্রি সংস্কৃতিকে আড়াল করতে পারছে না। অন্য যে কোনো সময়ের তুলনায় দেশ এখন খাদের বেশি কাছাকাছি। সরকারে ক্ষমতা ছাড়ার ভয়; বিরোধী দলও পরিবর্তনের জন্য অস্থির। দুই পক্ষের এ রকম অবস্থানে দেশের মানুষ যখন উদ্বিগ্ন, তখন ষাঁড়ের সামনে লালপতাকা সাঁটিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ধরে চুপ থাকা বিরোধীদলকে বড়সড় খোঁচাই দিলেন তিনি।
সূত্র বলছে, বিরোধী দলগুলোকে এবার মাঠে নামতেই হচ্ছে। আলোচনায় বসার জন্য সরকারকে একটা আল্টিমেটাম দেয়া হবে বিরোধী তরফে। পারস্পরিক সম্মতিতে তৈরি একটি কর্তৃপক্ষের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ আলোচনা হবে। আলোচনায় না এলে সরকারকে ‘কঠিন’ আন্দোলনের মুখোমুখি হতে হবে।
বিরোধী দলগুলোর আন্দোলনের সাথে যোগ হবে হেফাজতে ইসলামের আন্দোলন। ‘নাস্তিক’ লতিফ সিদ্দিকির বিরুদ্ধে এ আন্দোলনের জন্য তৈরি দলটি। সিদ্দিকী একটি ‘বানানো খেলা’য় আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে একটি প্রহসনের বিচার হবে বলে মনে করে হেফাজতে ইসলাম।
ফেসবুকে প্রধানমন্ত্রীর ‘মানহানি’ করলে যেখানে পাঁচ বছরের জেল হয়, গ্রেফতারের পর নির্যাতনের মুখোমুখি হতে হয়, সেখানে ধর্ম নিয়ে এমন বাজে বক্তব্য দেওয়ার পরও সিদ্দিকীর মাত্র দুই মাসের জেল হবে, এটা তাদের কাছে অগ্রহণযোগ্য।
যেমনটা ১৯৭৪-এ হয়েছিল, তেমনিভাবেই ইতিহাসে গণতন্ত্র-বিধ্বংসী হয়ে থাকবে ২০১৪ সাল। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ সঙ্ঘাত দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে মানুষ। ক্ষমতাসীন ক্যাডারদের চাঁদাবাজি ও ঘুষে সাধারণ মানুষ ক্ষোভে জ্বলছে। প্রশ্নপত্র ফাঁসের উল্লাস চলছে। মানুষের চাওয়া-পাওয়াকে উপেক্ষা করে হরদম চলছে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়।
‘একটি নিশ্চিত পরিবর্তন’-এর যে কথা বিএনপি চেয়ারপারসন বলছেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। এ কথা কি বাস্তবে ঘটবে নাকি কথার কথা, তা সময় বলবে। এ পরিবর্তনের আড়ালে কী জানি কী লুকিয়ে আছে! একটি অজানা শঙ্কা কাজ করছে সবার মনে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও এখন যে কোনো সময়ের তুলনায় বেশি সাজানো-গোছানো। তারাও মরিয়া হয়ে আন্দোলন রুখে দেওয়ার চেষ্টা করবে। দেখা যাক কী হয়।
সাপ্তাহিক হলিডে থেকে অনুবাদ করেছেন মুরশিদুল আলম চৌধুরী






















































