শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামায়াতকে ছাড়ার জন্য বিএনপিকে আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৪

index16
পূর্বাশা ডেস্কঃ

৫ জানুয়রির নির্বাচন প্রশ্নে অবস্থান অপরিবর্তীত রয়েছে জানিয়ে পরবর্তী নির্বাচন নিয়ে এখনই আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় প্রতিনিধিদল।

চার দিনের ঢাকা সফরের শেষ দিনে বুধবার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলের প্রধান জেন ল্যাম্বার্ট এ আহ্বান জানান।

তার মতে, নতুন নির্বাচন নয়, পরবর্তী নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে এবং কোন পদ্ধতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হবে- এখনই তার একটি গ্রহণযোগ্য সমাধান হওয়া উচিত।

এদিকে জোট শরিক জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে ফের বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

ঢাকা সফরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জ্যঁ ল্যামবার্ট বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাদের এই অবস্থান জানান।

তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর আমন্ত্রণে অ্যাপারেল সম্মেলনে যোগ দিতে গত শনিবার ঢাকা আসেন তিনি।

এ ‘শুভেচ্ছা সফরে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি।

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। বাকি আসনগুলোতেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রাধান্য থাকে।

ওই নির্বাচন ‘বিশ্বাসযোগ্য’ হয়নি বলে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়। পাশাপাশি জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম থেকে ‘সুস্পষ্ট’ দূরত্ব বজায় রাখতে বিএনপির প্রতি তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সরকার নিষিদ্ধ বিভিন্ন দল ফের সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়ছে বলেও তারা মনে করে। যদিও নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেনি তারা।

এ বিষয়ে অবস্থান বদলেছে কি না জানতে চাইলে ল্যামবার্ট বলেন, তারা ওই প্রস্তাবে কোনো পরিবর্তন আনেননি। তারা ইউরোপীয় পার্লামেন্টের অবস্থানও আগের মতো আছে।

নতুন নির্বাচনের জন্য আহ্বান না জানিয়ে, বরং নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সমাধান পেতে প্রধান দলগুলোর প্রতি তাদের আহ্বান রয়েছে বলে জানান ল্যামবার্ট।

তৈরি পোশাক খাত নিয়ে আলোচনায় ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে অনেককে বলতে শুনেছেন- ‘শুধু রানা প্লাজা দিয়ে বাংলাদেশের পোশাক খাতকে বিবেচনা করা যাবে না’।

তবে রানা প্লাজার ঘটনাকে সতর্ক বার্তা হিসেবে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে এবং মানসিকতার পরিবর্তনের জন্য অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের আবাসিক প্রতিনিধি পিয়েরে মায়াডোন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে বিচার বর্হিভূত হত্যাকা- এবং গুমের বিষয়ে বরাবরের মত উদ্বেগ প্রকাশ করে প্রত্যেকটি ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানান ল্যাম্বার্ট।

একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পায়।

এনজিওদের নিয়ন্ত্রণে প্রণীত আইনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ পার্লামেন্টের ওই সদস্য বলেন, এমন কোনো নিয়ন্ত্রণমূলক আইন করা উচিত নয় যা গতিশীল নাগরিক সমাজের কণ্ঠ রোধ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি