পূর্বাশা ডেস্কঃ
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতাউল হক এ পরোয়ানা জারি করেন।বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় গত ১৭ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মনির খান।মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে তারেক রহমানকে বুধবার আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। কিন্তু সমন অনুযায়ী হাজির না হওয়ায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালতে শুনানি করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান।
মামলায় উল্লেখ করা হয়, তারেক রহমান বিএনপির যুক্তরাজ্য শাখা আয়োজিত লন্ডন আট্টিয়াম হলে গত ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের’ সভায় বঙ্গবন্ধুকে কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন তা হিংসাত্মক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
ওই দিন তারেক রহমান বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ এবং তিনি ‘পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিলেন’ মর্মে বক্তব্য প্রদান করেন।
মামলায় আরও বলা হয়, তারেকের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং জাতির জন্য কলঙ্কময়। ওই বক্তব্য প্রদানের ফলে বাদী ও আওয়ামী লীগের একশ’ কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলায় উল্লেখ করা হয়।























































