শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেতারা জানেন না, বিকল্প কর্মসূচি খালেদার টেবিলে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৪

neta

ডেস্ক রিপোর্ট : আগামী জানুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির রূপরেখা জানেন না বিএনপির কেন্দ্রীয় নেতারা। জোটের নেতারাও ঘোর অন্ধকারে। তবে দল, জোট ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা-সাক্ষাৎ করে হরতাল-অবরোধের বাইরে বিকল্প কর্মসূচির পরামর্শ দিয়েছেন। বেগম জিয়ার টেবিলে এখন বিকল্প আন্দোলন কর্মসূচি। তবে হরতাল-অবরোধের কর্মসূচির কথাও বলেছেন অনেকে। আওয়ামী লীগ সরকার এদিনে তাদের ক্ষমতায় আরোহণের বর্ষপূর্তি উদযাপন করবে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন দু-এক জন ঘনিষ্ঠ নেতা ছাড়া কারোর সঙ্গেই নতুন কর্মসূচি নিয়ে খোলামেলা কথা বলছেন না। তবে ৫ জানুয়ারি সারা দেশে একযোগে বড় ধরনের শোডাউন হবে- তা নিশ্চিত বলে জানান দলের বেশ কয়েকজন নেতা। এদিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলের নেতা-কর্মীদের কালো পতাকা মিছিল কিংবা মানবপ্রাচীর কর্মসূচি হতে পারে বলেও ‘আভাস’ দেন তারা। এতে বাধা এলে হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচিও আসতে পারে। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত হয়নি। আগামী ৫ জানুয়ারির কোনো কর্মসূচিও নির্ধারণ হয়নি। চলতি মাসের কর্মসূচির মধ্যে ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে জনসভা করা হবে। সেখানে বেগম খালেদা জিয়া ভাষণ দেবেন। যথাসময়ে সব কর্মসূচি ঘোষণা করা হবে। দল ও জোটের সঙ্গে আলোচনা করেই নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে। সূত্র জানায়, বিগত ৫ জানুয়ারি ঘিরে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ ও নির্বাচনের পর হরতাল-অবরোধ কর্মসূচি স্থগিত করার বিষয়েও জানতেন না কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়। তাই কর্মসূচি ঘোষণার পর অনেক নেতাই নিজেকে সরিয়ে রাখেন। আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সুস্পষ্ট ধারণা থাকা উচিত বলেও মনে করেন অনেকে। নইলে আগের মতোই সব কর্মসূচি ভেস্তে যাওয়ার শঙ্কা তাদের।

সূত্র জানায়, কর্মসূচি স্পষ্ট না করলেও ৫ জানুয়ারিকে ঘিরে ঢাকায় শোডাউনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচির ব্যানারেই কালো পতাকা মিছিল কিংবা মানবপ্রাচীর কর্মসূচি পালন করতে চায় দলটি। তবে এতে বাধা এলে তাৎক্ষণিকভাবে হরতাল, অবরোধ, ঘেরাওয়ের মতো ‘সহিংস’ কর্মসূচি আসতে পারে। দলের নেতারা জানান, সবকিছুই নির্ভর করছে সরকারের মনোভাবের ওপর। সরকার যদি তাদের কর্মসূচিতে বাধা না দেয়, তাহলে জানুয়ারি জুড়েই জনসম্পৃক্ত বিকল্প কর্মসূচি থাকবে।

সূত্রমতে, ডিসেম্বর জুড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া শেষ করার চিন্তা বিএনপির। এ মাসের মধ্যেই বিভাগীয় শহরগুলোয় রোডর্মাচসহ একটি জনসভাও করা হবে। একই ভাবে নতুন করে সদস্য সংগ্রহ অভিযানও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগরী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শীঘ্রই শেষ হবে বলে জানা গেছে। ঢাকার সংগঠন পুনর্গঠনের জন্যই মূলত আন্দোলনের অপেক্ষা বলে জানিয়েছেন খোদ বিএনপি চেয়ারপারসনও। চলতি মাসে মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত হবে বলেও জানা গেছে।

বিএনপি নেতারা জানান, কর্মসূচি পালনে ত্রুটি-বিচ্যুতি যা-ই থাকুক, আগামী মার্চের মধ্যেই বাংলাদেশের রাজনীতির চিত্র পাল্টে যাবে। এর মধ্যেই নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তাই আন্দোলন কর্মসূচির রূপরেখা সেই আদলেই সাজানো হচ্ছে। তবে সরকার নতুন বছর থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে তাৎক্ষণিকভাবে একটি ‘হরতাল’ কর্মসূচি দেওয়া হবে। ইতিমধ্যে দলের নীতিনির্ধারকদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।

দলের আরেকটি সূত্র জানায়, সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি নিয়ে এখনো পশ্চিমা বিশ্বের সবুজ সংকেতের অপেক্ষায় বিএনপি। তবে খুব শীঘ্রই পশ্চিমা বিশ্বের মনোভাব পরিষ্কার হবে বলে বিএনপির কূটনৈতিক সংশ্লিষ্টরা মনে করেন। এরপরই সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হবে। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফর এবং ফেব্র“য়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের দিকেও সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি। এ নিয়ে বিএনপির এক কূটনৈতিক সংশ্লিষ্ট নেতা জানান, ‘মোদির বাংলাদেশ সফরে অনেক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। ওই পর্যন্ত আমাদের সতর্ক কর্মসূচি থাকবে।’ নতুন আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নতুন নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলছে। এটা চলবে। আগামী জানুয়ারিতে আন্দোলনের রূপরেখা কেমন হবে তা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্ত হবে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করা হবে।’ দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, ‘৫ জানুয়ারি সরকার বর্ষপূর্তি উদযাপন করবে। আমরা মনে করি, এদিনে গণতন্ত্রের কুলখানি কর্মসূচি পালন করা উচিত।’ গণতন্ত্র রক্ষার স্বার্থে এদিনে সরকারকে বর্ষপূর্তি না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এদিন দেশবাসীর গণতন্ত্র রক্ষার কর্মসূচি পালন করতে হবে। সরকার এতে বাধা দিলে সহিংস কর্মসূচিতে যাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি