পূর্বাশা ডেস্কঃ
রাজনৈতিক বিশ্লেষকদের আগাম বার্তা সংবলিত ডায়রিতে ভাসছে, সংঘাতময় নতুন বছর-২০১৫, শুরুটা প্রথমভাগেই। এ সব ছাপিয়ে হাজির আন্দোলনরত বিএনপির শান্তি ও সংলাপেরর প্রস্তাব। সরকারের প্রতি ৭ দফা প্রস্তাব দিয়েছেন ২০ দলীয় জোট নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্ষমতাসীন সরকার বা তৃতীয় কোন পক্ষ থেকে এই প্রস্তাবনা চাওয়া হয়নি। তারপরও কেন- এ প্রশ্নের জবাবে বিএনপিসহ জোটের শীর্ষস্থানীয় একাধিক নেতা জানিয়েছেন, এই প্রস্তাব শুধু সরকারের উদ্দেশে নয়, দেশ, জাতি এমনকি বন্ধু প্রতিম দেশের জন্যও। যারা বাংলাদেশের ভালো চান, পাশে ছিলেন, আছেন এবং থাকবেন তাদের উদ্দেশে। নেতৃবৃন্দ এমন কথাও জানালেন, রক্তারক্তি-হানাহানির রাজপথ বর্জনের জন্যই তাদের এই আলোচনার শেষ প্রস্তাব। তবে তাতে কাজ না হলে রাজনীতির এই ৭ দফায় মোড়ানো একদফা (সরকার পতন) সামনে রেখেই খুব স্বল্প সময়েই রাজপথে নামবেন তারা। রাষ্ট্রযন্ত্র ও সরকারদলীয় সশস্ত্রদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলটা হবে অত্যন্ত বিচক্ষণ। চূড়ান্ত করা কর্মসূচিতে, টানা হরতাল, অবস্থান, অবরোধ এবং ঘেরাওসহ সবই আছে। এতে সংঘাতময় পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। কেন্দ্রের হিসাবটা ইতোমধ্যে পৌঁছে গেছে তৃণমূল পর্যায়েও।
গত মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। সম্মেলন শুরু করার আগেও টিভি ও অনলাইন নিউজ পোর্টালে প্রচার-প্রকাশ করেছে কঠোর কর্মসূচির ঘোষণা আসছে এই সংবাদ সম্মেলন থেকে। কিন্তু নববর্ষের শুভেচ্ছাসহ শান্তির আহ্বান জানালেন খালেদা জিয়া। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরের লোমহর্ষক গুম-খুন ও ভোটারবিহীন নির্বাচনের চিত্র তুলে ধরেছেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে।
সংঘাত এড়াতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি ৭ দফা প্রস্তাবনা দিয়েছেন। এতে রয়েছে, জাতীয় নির্বাচন ‘অবশ্যই’ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে, নির্বাচন ঘোষণার আগেই প্রতিদ্বন্দ্বী সব পক্ষের সম্মতিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, যাতে বর্তমান আরপিও সংশোধন করা যায়, নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা ও জাতীয় সংসদ বিলুপ্ত হবে এবং ‘প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর সম্মতিতে গঠিত’ নির্দলীয় সরকার দায়িত্ব নেবে, ভোটের তারিখ ঘোষণার পর সারা দেশে সশস্ত্রবাহিনী মোতায়েন করতে হবে। সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি ‘চিহ্নিত ও বিতর্কিত’ ব্যক্তিদের প্রশাসনের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে এবং রাজনৈতিক নেতাদের নামে থাকা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করতে হবে এবং শেষ দফা হলো, ‘বন্ধ সকল সংবাদপত্র ও টেলিভিশন খুলে দিতে হবে এবং আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ আটক সব সাংবাদিককে মুক্তি দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রস্তাবগুলো মূলত সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। তবে তাতে সংবিধানের বিধিবিধানেরও পরিবর্তন আনতে হবে। খালেদা জিয়ার প্রস্তাবের সাথে সুশীল সমাজের সম্মতিও আছে।
রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহমান বলেন, তার প্রস্তাবগুলোর যৌক্তিকতা আছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই এসবই উপস্থিত থাকতে হবে। কিন্তু দাবিগুলো বা প্রস্তাবগুলো মেনে নেবে কে? যারা মেনে নেবে তারা তো ২০৪১ সাল পর্যন্ত রূপরেখা করে বসে আছে। এই রাষ্ট্রবিজ্ঞানী গতকাল (বৃহস্পতিবার) পৃথকভাবে দেয়া আওয়ামী লীগ নেতা মাহবুবু-উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ড. হাছান মাহমুদের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন। তারা বলেছেন, ৬৬ বছরের আগে শেখ মুজিবুর রহমানের ৬ দফার আলোকেই ৭ দফা দিয়েছে যা অসাংবিধানিক, কখনোই আলোর মুখ দেখবে না। ঘৃণাভরে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ। মায়া চৌধুরীর ভাষায় ৭ দফা কেন ৭০০ দফাতেও কাজ হবে না।
এদিকে, দেশ-জাতি এবং বন্ধুপ্রতিম দেশকে অবহিত করার প্রস্তাব বর্তমান সরকার আমলে নিল কি না তার দিকে তাকিয়ে থাকবে না বিরোধী জোট। ইতোমধ্যে জোট আগামী ৩ ও ৫ জানুয়ারি দুটি কর্মসূচি ঘোষণা করেছে। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অনুমতি দেয়া হবে না। আর বিএনপির তরফ থেকে পাল্টা ঘোষণা দিয়েছেন বিএনপির দফতর সম্পাদক রিজভী আহম্মেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অনুমোতি না দিলেও সোমবার জনসভা করবে তারা। কৌশলগত কারণেই আজকে অনুমতি পেয়েও সমাবেশ স্থগিত করেছে ছাত্রদল।
সূত্রমতে, দলের ইউনিয়ন থেকে মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাদের কাছে কেন্দ্র থেকে একটি বার্তা দেয়া হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে, ‘মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্তই শেষ সময়,ৃ..’।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, সরকার গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছিল। জনসভা প- করেছে। কিন্তু ঢাকার সমাবেশ নিয়ে সে হিসাব করলে সুপ্ত আগুন জ্বলে উঠবে। যে আগুনে হাসিনার গদি পুড়ে যাবে।
এক যুগ্ম মহাসচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি চেয়ারপারসনের রাজনীতি বরাবরই শান্তিপ্রিয় ও অহিংস। কিন্তু এটাকে দুর্বলতা হিসেবে ধরে নিলে সরকারকে তার খেসারত দিতে হবে। বিএনপি চেয়ারপারসনকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে, সিনিয়র ভাইস চেয়ারম্যানের কোমর ভাঙা হয়েছে। দলের ৫ লাখেরও বেশি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪ হাজার মামলা করা হয়েছে। এতেও কঠোর কর্মসূচি দেননি বেগম জিয়া। কিন্তু এবার গণতন্ত্র উদ্ধারে যে কর্মসূচি দেবে তাতে সরকারের পতনতো ঘটবেই। আমরা জানি, এদেশের হাটে-বন্দর-গ্রামে-গঞ্জের মানুষজন জানে, আওয়ামী লীগের নেতারা বিদেশে পাড়ি জমাতে নাকি বিমানের টিকিট কেটে রেখেছে। তারা পালাবার পথও পাবে না।
জোটের শরিক দুটি দলের শীর্ষ নেতার বার্তাও একই। তারা জানান, কৌশলগত কারণেই জোটনেত্রীর ৭ দফা। সরকারের শুভবুদ্ধির উদয় না হলে ওই ৭ দফায় মোড়ানো পতনের একদফা নিয়ে তারা রাজপথে নামবেন। সে সময় মাত্র দেড় থেকে দুই মাস। তাদের কর্মসূচিতে টানা হরতাল, অবস্থান, অবরোধ ও ঘেরাওসহ আন্দোলনের সকল অস্ত্রই আছে। সময় এবং প্রয়োজন মতো তা ঘোষণা করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
গত চারদলীয় জোট সরকারের শরিক ছিলেন এমন এক শরিক দলের শীর্ষ নেতা জানান, ওই সময় ‘তত্ত্বাবধায়ক সরকার’ দাবি আদায় করতে আওয়ামী লীগ যেসব কর্মসূচি দিয়েছিল এবার একই দাবি আদায়ে তার চেয়ে বেশি কঠোর হবে। ৫ জানুয়ারির হরতাল দিয়েই তা শুরু হবে বলে জানান এই নেতা। জোটের শরিক দল জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাদের বার্তা দিয়েছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীদের। সময় মতো আহ্বান জানাবেন।























































