শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যা কেমন মেয়ে? জেনে নিন ছয়টি গল্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৫

Vidya_Balan_bg_881019022
বিনোদন ডেস্ক
ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বৈচিত্রময় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিদ্যা বালান। ১ জানুয়ারি ৩৬ বছরে পদার্পণ করেছেন তিনি। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘হাম পাঁচ’-এ বোকা মেয়ের চরিত্রে শুরু হয় তার অভিনয় জীবন। সেই বিদ্যাই এখন সেরা অভিনেত্রীদের কাতারে পৌঁছে গেছেন। তার জীবনের কিছু ঘটনা বেশ চমকপ্রদ। জন্মদিন উপলক্ষে সেগুলো একসঙ্গে জড়ো করে প্রতিবেদনে বের করেছে টাইমস অব ইন্ডিয়া। পড়ে নিন বিদ্যার অল্প-স্বল্প-গল্প।


অপয়া অভিনেত্রী!
অভিনয়ের প্রতাপে বলিউডে স্বতন্ত্র অবস্থান গড়ে নিয়েছেন বিদ্যা। স্রোতের বাইরে গিয়েই তার জনপ্রিয়তা বেড়েছে। অথচ তিনি অভিনয় করতে পারেন না বলেই ধরে নিতো সবাই! ক্যারিয়ারের গোড়ার দিকে তাকে অপয়া বলেই ধরে নেওয়া হতো! মালয়ালাম ছবি ‘চাকরাম’-এ দক্ষিণের সুপারস্টার মোহনলালের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে তার আনন্দ ছিলো বাঁধভাঙা। এরপর প্রখ্যাত মালয়ালাম নির্মাতাদের ছবিতে প্রস্তাব পেয়েছেন তিনি। ফলে ছয় মাসেই তার হাতের মুঠোয় চলে আসে একডজন ছবি। কিন্তু নির্মাতার সঙ্গে মোহনলালের বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত ছবিটি তৈরি হয়নি। তারপর থেকেই বিদ্যাকে বলা হতো অপয়া অভিনেত্রী। অর্থাৎ তাকে ছবিতে নিলে দৃশ্যধারণ শুরুর আগেই তা বন্ধ হয়ে যায়।


বিজ্ঞাপনচিত্রের রানী
পাঁচ বছর ‘হাম পাঁচ’ ধারাবাহিকে কাজ করার পর বলিউডের বিশাল আঙিনায় জায়গা পাওয়ার লড়াই শুরু করেন বিদ্যা বালান। তখন টানা ৯০টি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন তিনি। মা-বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনায় মনোযোগী হোক। তবে অভিনয়ের প্রতি তার ভালোবাসা কখনও মলিন হয়নি। অভিনয় থেকে বিরতি নিয়ে লেখাপড়ায় মন দেন বিদ্যা। তখনও বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। সাফল্যের সঙ্গে সমাজবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।


ছোটপর্দায় অনীহা
জানেন কি? একবার অনুরাগ বসুর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বিদ্যা বালান। একতা কাপুরের ‘হাম পাঁচ’ ধারাবাহিক থেকে সরে আসার পর অনুরাগ আরেকটি ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব দেন তাকে। বাবার জোরাজুরিতে ‘হাম পাঁচ’ ছেড়ে পড়াশোনায় মনোযোগী হন তিনি। অবশ্য এতে মোটেও তার মন খারাপ হয়নি। কারণ তখন তার দু’চোখ জুড়ে বলিউডে আসার স্বপ্ন উড়ছিলো। রূপালি পর্দায় প্রধান নায়িকা হিসেবে নিজেকে দেখতে চাইতেন, তাই টেলিভিশনকে নিজের জন্য যুতসই মনে করেননি তিনি। এ কারণেই অনুরাগকে ফিরিয়ে দেন বিদ্যা।


৪০টি স্ক্রিন টেস্ট ও সতেরোবার সাজগোজ
সবাই জানে, রূপালি চামচ মুখে নিয়ে জন্মাননি বিদ্যা। তার পরিবারের কেউই তারকা ছিলেন না। শুধু কঠোর পরিশ্রম ও সাধনার সুবাদে সাফল্যের শিখর স্পর্শ করতে পেরেছেন তিনি। স্বপ্নের ডানায় উড়ে বেড়ানোর জন্য প্রতিটি মুহূর্তে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আসতে হয়েছে তাকে। এমনকি বলিউডে তার প্রথম ছবি ‘পরিণীতা’য় কাজের সুযোগ পাওয়ার আগে ছয় মাস পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়েছে তাকে। এর মধ্যে ৪০টি স্ক্রিন টেস্ট ও ১৭বার সাজগোজ করে ফটোসেশনে দাঁড়িয়েছিলেন তিনি। তারপর পরিচালক বিধু বিনোদ চোপড়া তাকে নির্বাচন করেন সঞ্জয় দত্ত ও সাইফ আলি খানের জন্য। নতুন নায়িকা নেওয়ার ব্যাপারে অবশ্য দ্বিধাগ্রস্ত ছিলেন বিধু। তবে বিদ্যার অধ্যবসায় দেখে তার মত পাল্টে যায়। অনুপম খেরের অনুষ্ঠান ‘কুছ ভি হো সাকতা হ্যায়’ বিদ্যা জানান, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে বিধুর ফোন পেয়ে বিদ্যা ভেবেছিলেন, তাকে বাতিল ঘোষণা করা হবে! কিন্তু বিদ্যাকে চমকে দিয়ে বিধু জানান, বিদ্যাই তার ‘পরিণীতি’। ওই ছবিই তার জীবন পাল্টে দিয়েছিলো। এজন্য বিধুর কাছে সবসময় কৃতজ্ঞ তিনি।


পরিচ্ছন্ন ও গোছানো
বিদ্যা দেখতে যেমন ঝলমলে, তেমনি মানুষ হিসেবেও তিনি ঝকঝকে থাকতে পছন্দ করেন। তার মধ্যে সূচিবায়ী রোগ আছে! পরিষ্কার থাকার বাতিক আছে তার। চারপাশ অগোছালো আর অপরিচ্ছন্ন থাকলে অস্বস্তিতে ভুগতে থাকেন তিনি। দিনরাত সবসময় ঘরবাড়ি পরিষ্কার করে রাখতে ভালো লাগে বিদ্যার। ঘরে একচুল ময়লাও দেখলেও নিজেই ঝাড়ু হাতে নিতে কার্পণ্য করেন না তিনি। বিদ্যা হলেন আগাগোড়া গোছানো মানুষ। পত্রিকা থেকে শুরু করে বাড়ির প্রতিটি জিনিস গুছিয়ে রাখা তার প্রিয় কাজ।


স্কুল গোয়েন্দাগিরি
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ববি জাসুস’ ছবিতে বেসরকারি গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। স্কুলেও তার এই স্বভাব ছিলো। আইবিএন লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যে ছেলেকে ভালো লাগতো তার পেছনে গুপ্তচরের মতো লেগে থাকতেন। এমনকি বান্ধবীদের মধ্যে কোনো ছেলের প্রতি ভালো লাগা তৈরি হলে তাদের পিছু নিতেন তিনি। বন্ধুরা জানিয়েছে, স্কুলে নাটক হলেও সুন্দর বালকের চরিত্রে অভিনয় করতেন বিদ্যা। এ ছাড়া স্কুল-কলেজে প্রেম-ভালোবাসার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি