পূর্বাশা ডেস্কঃ
এর আগে তারা গেছেন ইজতেমা প্রাঙ্গনে বিশেষ মঞ্চে বসে মোনাজাতে অংশ নিতে। এবার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কেউ বিশ্ব ইজতেমাতে যাননি। তবে তারা দুই জনই মোনাজাতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবনে তার বোন শেখ রেহানা ও আতœীয় স্বজনদের নিয়ে মোনাজাতে অংশ নেন। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ ও তালাবদ্ধ অবস্থায় গুলশান কার্যালয়ে বসে মোনাজাতে অংশ নেন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল সোহেল জানান, বিএনপি চেয়ারপারসন অবরুদ্ধ রয়েছেন। তাকে তালাবদ্ধ করে রাখার কারণে তিনি বাইরে বের হতে পারছেন না। এই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি সেখানে যেতে পারেননি। এছাড়াও তার শরীরও ভাল না। ফলে তিনি টঙ্গীতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে যাননি। সেখানে না যেতে পারলেও গুলশানে কার্যালয়ে নিজের চেম্বারে বসে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। তিনি জানান, তিনি টেলিভিশনে সরাসরি মোনাজাত সম্প্রচার দেখে সেখানে বসে আখেরি মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে মোনাজাতে আরো অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা নেত্রী। তিনি জানান, গত বছর তিনি টঙ্গীতে বাটা কারখানার কাছে একটি ভবনের ছাদে বসে আখেরি মোনাজাত অংশ নেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি সমাবেশ করতে না পেরে, তাকে সরকার অবরুদ্ধ করে রাখার কারণে তিনি ওই দিন সারাদেশে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইজতেমা উপলক্ষ্যে অবরোধ কর্মসূচি স্থগিত করতে চাইলেও সরকার তার অফিসের গেটের তালা একবার খুলে দিয়ে আবার লাগিয়ে দেওয়ার কারণে তিনি কর্মসূচি স্থগিত করেননি, শিথিল করেছেন। যদিও অবরোধ চলার কারণে মানুষের ভোগান্তিও হয়। লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে নিজের কার্যালয়ে তালাবন্ধ অবস্থায় আখেরি মোনাজাত করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে মোনাজাতে অংশ নিয়েছেন। এই সময়ে তার সঙ্গে ছিলেন তার পরিবারের কয়েকজন সদস্য। দলের কয়েকজন নেত্রী। এরমধ্যে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রমুখ। প্রধানমন্ত্রী এর আগের বছরগুলোতে ইজতেমার কাছাকাছি গিয়ে সেখানে মোনাজাতে অংশ নেন।
টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা সাদের মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। রোববার বেলা ১১টা ১৬ মিনিটে মোনাজাত শুরু হয় আর শেষ হয় ১১টা ৪৮ মিনিটে।























































