পূর্বাশা ডেস্কঃ
রাজধানীর কবি নজরুল কলেজ এর ৫ ছাত্রদল নেতাকর্মী গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে নিখোঁজ হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসকল ছাত্র নেতার পরিবারের সদস্যরাও একই ধরনের অভিযোগ করেছেন।
ছাত্রদলের দপ্তরের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর থেকেই এ সকল নেতাকর্মী নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না এবং পুলিশ ও এ ব্যাপারে কিছু বলছে না।
জানা গেছে, কবি নজরুল কলেজ এর ছাত্রদল কমিটির এসকল নেতাদের মধ্যে সমাজ সেবা সম্পাদক জসীম উদ্দিন, বিএ (পাস) ৩য় বর্ষ, সদস্য ইরফান আহম্মেদ ফাহিম, বিএসএস ২য় বর্ষ, কেএম নাজমুল হাসান নিহাত, ৪র্থ বর্ষ ইংরেজী বিভাগ, সুজন চন্দ্র দাস ৩য় বর্ষ ব্যবস্থাপনা এবং রোমান আহম্মেদ ৩য় বর্ষ ব্যবস্থাপনা রয়েছেন।
এ বিষয়ে ছাত্রদল সূত্র জানায়, গত শুক্রবার সকালে জসীম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দলের নেতাকর্মীরা তাকে বারবার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেনি। এরপর শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত তার মোবাইল ফোন থেকে অন্যদেরকে ফোন করে নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই বাকি নেতারাও নিখোঁজ রয়েছেন।
সূত্র জানায়, জসীমের ফোন থেকে সর্বশেষ রোমান আহম্মেদকে ফোন করা হলে রোমান দুইজন সঙ্গী নিয়ে নির্দিষ্ট স্থানে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যা অপর দুই সঙ্গী দেখেছেন বলেও দাবি করে সূত্র।
নিখোঁজ নাজমুল এর ভাই কামরুল হাসান পারভেজ জানান, শনিবার রাতে তার ভাই টিউশনী শেষে আর বাসায় ফেরেনি। এ বিষয়ে আমি এখন (বিকাল সাড়ে ৫টা) সূত্রাপুর থানায় অবস্থান করছি। কিন্তু থানা কর্তৃপক্ষ এখনও সাধারন ডায়েরী গ্রহন করেনি।
সূত্রাপুর থানা কর্তব্যরত কর্মকর্তা এএসআই দূর্গাপ্রসাদ চক্রবর্তী জানান, কবি নজরুল কলেজ এর একজন ছাত্র নিখোঁজ হয়েছে বলে তার ভাই থানায় এসেছেন। কিন্তু এখনও জিডি করা হয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি বলেও তিনি জানান।























































