পূর্বাশা ডেস্কঃ
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ৪৩তম বৈঠকে মন্ত্রিদের একটি ছড়া শুনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-প্রধান অমিত শাহের কথিত টেলিফোন সম্পর্কে প্রধানমন্ত্রীর রম্যছড়াটি এ রকম:
বিবৃতিটা চমৎকার
বিজেপি সমব্যথী,
ম্যাডামের টেলিফোন
এখন টেলিপ্যাথি।
ম্যাডাম এখন মনে মনে
বলতে পারেন কথা,
নতুন ধারার টেকনোলজি,
নেই কো রসিকতা।
মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় স্থান পায় খালেদা জিয়া ও অমিত শাহ’র ফোনালাপ। বিষয়টি নিয়ে আলোচনার সময় সভায় হাস্যরস সৃষ্টি হয়।
অমিত শাহ’র ফোনালাপ এবং কংগ্রেসম্যানদের বিবৃতি মিথ্যা প্রমাণ হওয়ার পর বিএনপির পাল্টা বিবৃতি নিয়ে তীব্র সমালোচনা হয় মন্ত্রিসভায়। পাশাপাশি অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার অতীত নিয়েও কাটাছেঁড়া হয়।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ থাকা নিয়ে কথা ওঠে।
খালেদা জিয়া অবরুদ্ধ থাকার গুঞ্জনের সময় ভারতের বিজেপি প্রধান অমিত শাহ’র সঙ্গে ফোনালাপ হয়েছে এমন বিবৃতি দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। অমিত শাহ বিষয়টিকে ‘ফেক নিউজ’ বললেও বিএনপির পক্ষ থেকে আবারো দাবি করা হয়, তার সঙ্গে কথা হয়েছে। অন্যদিকে মার্কিন কংগ্রেসম্যানদের নামে ইস্যু করা ভুয়া বিবৃতি ফাঁস হওয়ার পরেও বিএনপি কংগ্রেসম্যানদের বিবৃতি দেওয়ার দাবি করে।
এই ঘটনার পর সোমবারের মন্ত্রিসভায় এ বিষয় নিয়ে সমালোচনায় অংশ নেন কয়েকজন মন্ত্রী। সমলোচনায় অংশ নেওয়া মন্ত্রিসভার সদস্যরা বলেন, ‘এ ধরনের মিথ্যাচার এটিই প্রথম নয়। বিএনপির রাজনীতি মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। আর খালেদা জিয়ার জীবনাচরণ মিথ্যাচারে ভরপুর।’
এ সময় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার একজন সদস্যের কাছে জানতে চান, কত সালে খালেদা জিয়াকে আপনারা খুঁজে বের করেছিলেন। জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া ওই সদস্য প্রধানমন্ত্রীকে বলেন, ১৯৮৫ অথবা ১৯৮৭ সাল হবে। এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন, সেটাও ভুলে গেছেন।
মন্ত্রিসভায় অবরোধ নিয়ে আলোচনা হয়েছে, মন্ত্রিসভার একাধিক সদস্য এ ইঙ্গিত দেন। বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গে কথা বললে তিনি এড়িয়ে যান। বলেন, ‘অবরোধ তো নেই। তাই আলোচনাও হয়নি।’
‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন’
সীমা শারমিন : গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবৈধ সরকার হটাতে তার ডাকা আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার দুপুরে সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বরাতে একথা বলেন ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
খালেদা জিয়া বলেছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে। তিনি দেশবাসীকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। ফরিদা ইয়াসমিন বলেন, দেশনেত্রীর শারীরিক অবস্থা এখন অনেক ভালো। তিনি অনেকটাই সুস্থ। সবার দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘ম্যাডাম রাজপথে মহিলা দলের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এবং এই ভূমিকার অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।’এর আগে বেলা একটার দিকে ফরিদা ইয়াসমীনের নেতৃত্বে কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মহিলা দলের ১০ নেত্রী। এ সময় তারা দলীয় চেয়ারপারসনের জন্য খাবার সঙ্গে নেন। খাবারের মধ্যে রয়েছে- মিষ্টি, পোলাও, সাদা ভাত, সবজি, মুরগীর মাংস, পিঠা, চিপস ইত্যাদি। পরে সাক্ষাৎ শেষে তারা বেলা দুইটা ৫০ মিনিটের দিকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ১০ সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে কয়েকজন হলেন- মিলি জাকারিয়া, রেহানা আক্তার, রিটা আলী, রোকেয়া সুলতানা, আতিকা খন্দকার, তাসমিনা শাহীন, নিলুফার ইয়াসমিন নিলু প্রমুখ। উল্লেখ্য, ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ ঘিরে ৩ জানুয়ারি রাত থেকে গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ৬ জানুয়ারি মঙ্গলবার তিনি সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন।























































