শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছালামকে ঠেকাতে একাট্টা মহিউদ্দিন-বিএসসি-নাছির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৫

mohiuddin_bsc_nasir_sm_744535199
পূর্বাশা ডেস্কঃ
রাজনীতির ‘অতিথি’ হিসেবে খ্যাত সিডিএ চেয়ারম্যান ও ব্যবসায়ী আবদুচ ছালামকে ঠেকাতে একাট্টা চট্টগ্রামের শীর্ষ তিন রাজনীতিক।

এরা হলেন, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

সূত্র জানায়, চট্টগ্রামের শীর্ষ এ তিন রাজনীতিক আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন নিয়ে তিন নেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ছালামকে ঠেকানোর বিষয়ে তাদের মধ্যে রয়েছে অঘোষিত ঐক্য।

মেয়র পদে মনোনয়ন পাবার প্রত্যাশা নিয়ে তিন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করছেন।  মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করেছেন তিনবারের নির্বাচিত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং নূরুল ইসলাম বিএসসি। আজ (বুধবার) আ জ ম নাছির উদ্দিনের সাক্ষাত করার কথা রয়েছে।

সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী আগামী ফেব্রুয়ারিতে চট্টগ্রাম সফর করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে আওয়ামীলীগ একটি মহাসমাবেশের আয়োজন করছে। এ বিষয়ে কথা হয়েছে।

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোন কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী মাঠে কাজ করতে নির্দেশ দিয়েছেন। কাকে প্রার্থী করবেন সেই সিদ্ধান্ত তিনি সময়মত জানাবেন বলে জানিয়েছেন।

নুরুল ইসলাম বিএসসির সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে বাংলানিউজকে বলেন,‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার দিন ধার্য আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাবো।’

এদিকে ২০১০ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে  রাজনৈতিক ‘শিষ্য’ এম মনজুর আলমের কাছে বিপুল ভোটের ব্যবধানে হারেন মহিউদ্দিন।  নির্বাচনের পরেও ত্রিমূখী দ্বন্দ্ব বিরাজ ছিল।  পরে মহিউদ্দিন শিবিরে ঢুকেন আ জ ম নাছির। নুরুল ইসলাম বিএসসির সঙ্গেও সাপে নেউলে সম্পর্কে ভাটা পড়ে মহিউদ্দিনের। আগামী সিটি নির্বাচনকে সামনে রেখে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের সংগঠন বিরোধী আচরণে ক্ষুব্দ হয়ে উঠে নগর আওয়ামী লীগ। কয়েক দফায় সতর্কও করা হয়।  দল থেকে বহিষ্কারের দাবিও উঠে।

এরপরও সরকারি টাকা ব্যয় করে মতবিনিময়ের নামে সিডিএ’র ব্যানারে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে আগাম মেয়র নির্বাচনী প্রচারণায় লিপ্ত রয়েছেন আবদুচ ছালাম।  আবদুচ ছালামকে কোনভাবে থামাতে না পেরে তাকে ঠেকাতে এক মঞ্চে এসেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীসহ তিন নেতা।  নগর পিতা নির্বাচনে কোনভাবে ছালামকে মানতে নারাজ তারা।

আবদুচ ছালাম ২০০৯ সালের ২৩ এপ্রিল দুই বছরের জন্য সিডিএর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১১ সালের ২৬ এপ্রিলে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। ২০১৩ সালের ১৯ মার্চ দ্বিতীয় দফা এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৪ সালের ২২ এপ্রিল তৃতীয় দফা মেয়াদ বাড়ানো হয়েছে।

২০০৫ সালে তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন শিল্পপতি আবদুচ ছালাম। মহিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি সিডিএ চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। ছালামকে নিয়োগের মাধ্যমে সিডিএ’র ইতিহাসে প্রথমবারের মত রাজনৈতিক নিয়োগের ঘটনা ঘটে।

২০১০ সালের মাঝামাঝিতে সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিন পরাজিত হবার পর নগর আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। ছালাম তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিনের হাত ধরে মহিউদ্দিন বিরোধী গ্রুপে যোগ দেন।

এরপর থেকে মহিউদ্দিনের অনুসারী সিডিএ কর্মচারী লীগ, নগর শ্রমিক লীগ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের পদত্যাগ দাবি করে আসছে। তাদের অভিযোগ, সিডিএ চেয়ারম্যান নজিরবিহীন দুর্নীতি ছাড়াও জামায়াত-শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন।

২০১২ সালের নভেম্বরে নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়ার পর সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের গ্রেপ্তার দাবি করেছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।

এছাড়া ২০১৪ সালের শুরু থেকে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামকে দুর্নীতিবাজ ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী উল্লেখ  করে  তার পদত্যাগ দাবি করে আসছেন শ্রমিক লীগ নেতারা।

গত ৭ ডিসেম্বর সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গত ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবদুচ ছালামকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়

সূত্রঃ বাংলানিউজ


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি