শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ইইউ র উদ্বেগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৫

80759_EUU

পূর্বাশা ডেস্কঃ

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে এসব সহিংসতা বন্ধ এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। তারা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রধান ও রাষ্ট্রদূত পিয়েরি মায়াডন গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থায় গণতন্ত্রের চর্চা সঙ্কুচিত হচ্ছে, যা ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সমাবেশের স্বাধীনতা ক্ষুন্ন করে, মানুষের চলাচল ও বাক-স্বাধীনতা হরণের বিপরীতে কখনো শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হতে পারে না। তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং সহিংসতায় অনেক প্রাণহানির ঘটনা ঘটছে, অনেকে আহত হচ্ছেন এবং সম্পদের ক্ষতি হচ্ছে। যার ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ১৪ জানুয়ারি রংপুরের একটি যাত্রীবাহী বাসেও হামলার ঘটনা ঘটেছে। বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণ এবং বুধবার সকালে রংপুর জেলায় বাসে অগ্নিসংযোগের ফলে কয়েকজন যাত্রীর মৃত্যু এবং আহত হবার সংবাদসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন’ তিনি আরও বলেন, আমি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর আক্রমণের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং রংপুরে বাসে আক্রমণের ফলে প্রাণহানি ও আহতের সংবাদে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ সরকারের উদ্দেশে রবার্ট গিবসন বলেন, আমি বাংলাদেশ সরকারের কাছে এ সব অপরাধের যথাযথ তদন্তের এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য সকল পক্ষকে সংযত থাকা, পরিমিতিবোধের চর্চা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সহিংসতা ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘœ সৃষ্টির এই পুনরাবৃত্তি থেকে নিষ্কৃতি পেতে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, আমরা সারা দেশজুড়ে হতাহতের খবরে মর্মাহত। আমরা ভুক্তোভোগী পরিবারদের সমবেদনা জানাই। সকল পক্ষের সহিংসতার নিন্দা জানাই। ওই বার্তায় বলা হয়, প্রাক্তন পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত এবং তার দ্রুত আরোগ্য কামনা করছে। গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই। রাজনৈতিক উদ্দেশ্যের কারণে সহিংসতাকে আমরা নিন্দা জানাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, এই ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনার জন্য। আমরা সকল পক্ষকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই। আমরা সকল দলকে সংযত আচরণ করতে এবং সহিংসতা ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং আমরা সরকারকে আহ্বান জানাই জনগণের স্বাধীনভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে।

এর আগে গতকাল সকালে রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বলা হয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত। রিয়াজ রহমানের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশে এমন কাজের কোনো যৌক্তিকতা নেই। যুক্তরাষ্ট্র এ ঘটনার নিন্দা জানায়। রাজনৈতিক উদ্দেশ্যে এমন সহিংসতা নিষ্ঠুর ও কাপুরুষোচিত। দোষী ব্যক্তিদের আটকের পর জবাবদিহিতার আওতায় আনার আহ্বানও জানানো হয় বিবৃতিতে। এছাড়া রাজনৈতিক সব পক্ষকেই এ ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক মত প্রকাশের অধিকার চর্চার ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি