
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছে। এদিকে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের তিনজন গুলিবিদ্ধসহ বিএনপির ১৪ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কান্দিরপাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও জামায়াত সমর্থক আখতার হোসেনের একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার (১৮ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ শুরু হয়।
দু’গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। উভয় গ্রুপই ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটায়।

এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে বিএনপি কর্মীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য।
আহতরা হলেন-কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) নাসির, সেকেন্ড অফিসার সালাউদ্দিন ও কনস্টেবল আনোয়ার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপির আহত নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি । আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে ছাত্রলীগ-যুবলীগের মিছিল যাচ্ছিল কান্দিরপাড় এলাকা দিয়ে । এ সময় দু’গ্রুপ উভয় গ্রুপকে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে উভয় গ্রুপ অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ব্যাপক গুলিবর্ষণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু তাদের নেতাকর্মীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) শামসুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় ৭০/৮০ রাউন্ড রাবার বুলেট ও ২০টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কান্দিরপাড়ে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

















































