
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বাজারের হায়দার পুল এলাকায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে ৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
সোমবার (২৬ জানুয়ারী) এ মামলাটি দায়ের করা হয়।
মামলার আসামিদের মধ্যে ১৪ নম্বরে রয়েছেন উপজেলা জামায়াতের আমীর শাহাবুদ্দিন, ১৫ নম্বরে রয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ২০ দলীয় জোটের উপজেলার সদস্য সচিব শাহ মোঃ মিজানুর রহমান এবং ৩২ নম্বরে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০ দলীয় জোটের ডাকা দুই দিন ব্যাপি হরতালের প্রথম দিনে রোববার (২৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ এবং ৬টি বাস-ট্রাক ভাংচুর করেছে দুবৃর্ত্তরা।

















































