নাজিম উদ্দিন,মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের আ: হেকিমের মৎস প্রকল্প থেকে ইমন হোসেন ভুঁইয়া (২৫) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
নিহত ইমন হোসেন ভুঁইয়া উপজেলার বাহেরচর গ্রামের অধ্যাপক জামির হোসেন ভুঁইয়ার ছেলে। সে ঢাকা তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে ইমন বন্ধুদের সাথে কোম্পানীগঞ্জ বাজার থেকে ফেরার পথে রাজনগর এলাকায় একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে ইমনকে অপহরন করে নিয়ে যায়।
এ সময় ইমনের বন্ধু শাহিন দুর্বৃত্তদের কবল থেকে প্রানে রক্ষা পেলেও অনেক খোজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
আজ দুপুরে রাজনগর গ্রামের আ: হেকিমের মৎস প্রকল্পে স্থানীয়রা ইমনের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এ ব্যপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ইমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে ।

















































