মো: নাজিম উদ্দিন, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের কেওয়াটগ্রামে প্রায় দেড় একর সরকারী সম্পত্তি গোবাম (গরু-ছাগল চারন ভূমি) দখল করে স্থাপনা নির্মান ও দখল সূত্রে জমি বিক্রি করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ ব্যাপারে জনস্বার্থে স্থানীয়রা জেলা প্রশাসক, ইউএনও এবং সহকারী কমিশনার ভূমি বরাবরে লিখিত অভিযোগ করেও কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জাহাপুর ইউনিয়নের ১৭০ নং কেওয়াটগ্রাম মৌজার, ৫৯৭ দাগে প্রায় দেড় একর সরকারী সম্পত্তি গোবাম (গরু-ছাগল চারন ভূমি) জমির এক অংশ থেকে মাটি কেটে জায়গার অধিকাংশ ভূমিতে বাড়ি-ঘর নির্মান করেছে দখলকারীরা।
জানা যায়, কেওয়াটগ্রাম ও শুশুন্ডা গ্রামের মিলিত একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র সম্পূর্ন অবৈধভাবে দখল সূত্রে সরকারী সম্পত্তি বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
এ ব্যাপারে জাহাপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো: সাইফুল্লাহ জানান, আমি এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
সহকারী কমিশনার ভূমি মো: জাকির হোসেন দখলের বিষয়টি স্বীকার করে জানান, আমরা উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছি। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে।

















































