ডেস্ক রিপোর্ট : টানা অবরোধ শুরু হওয়ার আগে-পরে বিএনপির কয়েক নীতিনির্ধারকসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সময় যত গড়াচ্ছে, গ্রেপ্তারের তালিকা ততই দীর্ঘ হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যারাই প্রকাশ্য হচ্ছেন, সরকার বিরোধী কথা বলছেন তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এর ফলে বিএনপি নেতারা আত্মগোপনে চলে গেছেন। আত্মগোপনে থেকেই তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। এ অবস্থায় সারা দেশে চলছে নাশকতা। দুই বড় দলই এ নাশকতার জন্য পরস্পরকে দুষছে।
সারা দেশে ট্রেন, বাসসহ যানবাহনে পেট্রলবোমা হামলা চলছেই। এ দিকে ৭২ ঘণ্টার হরতালের পর বুধবার থেকে আবার ৭২ ঘণ্টার হরতাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
বিএনপি নেতারা বলছেন, সরকার এতটাই অসহিষ্ণু হয়ে পড়েছে যে, খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর মামলা দিচ্ছে। সোমবারও তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে। মামলা থেকে বাদ যায়নি বিএনপি-সমর্থক পেশাজীবীরাও। আগের দিন রোববার রাত গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে।
বিএনপির নীতিনির্ধারকদের মতো, মুখে সংলাপের কথা বললেও সরকার দিন দিন কঠোর হচ্ছে। গত কয়েক দিনের দলের জ্যেষ্ঠ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ২০ ঘণ্টা পর ফের সংযোগ দেওয়া হয়। তবে সংযোগ দেওয়া হয়নি ডিশ, ইন্টারনেট ও টেলিফোনের। এ অবস্থায় বিএনপির ভাষায় আন্দোলনের গতি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সোমবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন বিরোধী জোট হরতাল ডাকায় সোমবারের পরীক্ষা শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবু ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী ও তাদের পরিবার উদ্বিগ্ন ছিল। শঙ্কা ছিল পুরো সপ্তাহজুড়ে হরতালের। রোববার মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তার করার পর সে শঙ্কা আরও বেড়েছে।
বিএনপি সূত্র জানিয়েছে, বুধবার পরীক্ষা থাকলেও বন্দুকযুদ্ধে কয়েকজন কর্মী নিহত এবং দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করায় বাধ্য হয়ে তাদের হরতাল দিতে হচ্ছে।
বিএনপির এক নীতিনির্ধারক জানিয়েছেন, ২০-দলীয় জোট বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল ডাকলে শুক্রবার জামায়াত ২৪ ঘণ্টার হরতাল ডাকতে পারে। অবরোধের মধ্যেই এ কর্মসূচি চলবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে জে (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘মিথ্যা’ অভিযোগে একের পর এক নেতাকর্মীকে গ্রেপ্তার করে দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেও আন্দোলন দমানো যাচ্ছে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, শামসুজ্জামান দুদু এবং যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রিমান্ডে আছেন। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ জনসভাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তাপের মধ্যে গ্রেপ্তার এড়াতে বাসা-বাড়ি ছেড়েছেন তারা। যারাই একটু প্রকাশ্যে এসেছেন তারাই গ্রেপ্তার হয়েছেন। অপ্রকাশ্যে থেকে যারা দলীয় রাজনীতিতে সক্রিয় তাদের বাড়িতে দফায়-দফায় তল্লাশি হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, ছাত্রদলের সাবেক নেতা মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল মতিন প্রমুখ। এর বাইরে সাবেক কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জেলাপর্যায়ে গ্রেপ্তারের সংখ্যা বেশি। প্রতিদিনই সারা দেশে ২০ দলের কয়েকশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়ি অন্তত তিনবার তল্লাশি হয়েছে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক হওয়ায় তাকে গ্রেপ্তার করতে পুলিশের যত তোড়জোড়। বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হওয়ায় আবদুল আউয়াল মিন্টুর ওপর শ্যেন দৃষ্টি আছে পুলিশের। চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব মিন্টুর পরিবারও তাকে নিয়ে চিন্তিত। একবার বাড়ি তল্লাশি হয়েছে। কয়েকদিন আগে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তার ছেলে তাফসির এম আউয়াল আমাদের সময়কে বলেন, আমাদের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করার পর থেকে বাবা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি বাড়ির বাইরে থেকে দলীয় কার্যক্রম চালাচ্ছেন। আমাদের পুরো পরিবার তাকে নিয়ে চিন্তিত।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার পর অনেক নেতা বলছেন, তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর আগে দলীয় চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন গতকাল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কায় বেসামাল হয়ে পড়েছে।
এদিকে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত, নেতাকর্মী ও সাধারণ শিার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ৪ ও ৫ ফেব্র“য়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল। ওই দুদিনের মধ্যে দাবি পূরণ না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘট দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান কর্মসূচির ঘোষণা দেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলা
অবরোধ ডেকে গাড়িতে আগুন দিয়ে ৪২ জনকে পুড়িয়ে হত্যা ও নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে। গতকাল সোমবার সকাল ১০টায় বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী দ-বিধির ৩০২, ১০৯ ও ১২০(বি) ধারায় ঢাকা সিএমএস আদালতে মামলাটি করেন। পরে বেলা ১১টার দিকে শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান গুলশান থানার ওসিকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষে অ্যাডভোকেট রওশন আরা সিকদার ডেইজি ও আবুল কালাম আজাদ মামলা পরিচালনা করেন।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে মামলার অভিযোগে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালে গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। যাদের মধ্যে গত ২৭ জানুয়ারি ট্রাকচালক আবদুর রহমান ও বকুল দেবনাথ, ১৩ জানুয়ারি আড়াই বছরের শিশু সাফির, জেসমিন আক্তার, ১৫ জানুয়ারি স্কুলছাত্র রাজন আলী, বাসচালকের সহকারী তোফাজ্জল ও ট্রাকচালকের সহকারী সোহাগ বিশ্বাস রয়েছেন। ওই হত্যাকা-ের দায়ভার অবরোধ ও হরতাল আহ্বানকারী ২০-দলীয় জোটের প্রধান বিএনপি-নেত্রী খালেদা জিয়া এবং অন্য ৩ আসামির ওপর বর্তায়। অন্যদিকে অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল দিয়ে মানুষ হত্যা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে রাষ্ট্রদ্রোহের অপরাধের মধ্যেও পড়ে।























































